পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পারে দায়েশ: মার্কিন সিআইএ
পশ্চিমা দেশগুলোতে সন্ত্রাসীদেরকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উগ্র তাকফিরি দায়েশ- এ ব্যাপারে কংগ্রেসকে সতর্ক করবেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ প্রধান জন ব্রেনান।
আজ (বৃহস্পতিবার) সিআইএ প্রধান কংগ্রেসকে অভিহিত করবেন যে, দায়েশ এখন সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এবং ইরাক ও সিরিয়ায় তাদের সাম্প্রতিক পরাজয় পুষিয়ে নিতে তারা এসব সন্ত্রাসীকে পশ্চিমা দেশগুলোতে পাঠানোর চেষ্টা করছে।
তিনি মার্কিন আইনপ্রণেতাদেরকে আরো জানাবেন যে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দখলকৃত ভূখণ্ড হাত ছাড়া হয়ে যাওয়ায় এর পাল্টা প্রতিশোধ নিতে দায়েশ এখন গেরিলা হামলা চালাতে পারে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো গতকাল (বুধবার) এ খবর দিয়েছে।
গত মাসে মার্কিন সামরিক বাহিনীর মেজর জেনারেল গ্যারি ভলেক্সি জানিয়েছিলেন যে, আইএসআইএল বা দায়েশ ইরাকে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চেষ্টা চালাচ্ছে। বড় ধরনের হামলা চালাতে দায়েশ তাদের প্রাথমিক সক্ষমতা হারিয়েছে বলে ভলেক্সি একটি ভিডিও বার্তায় পেন্টাগন সাংবাদিকদের জানিয়েছেন। এছাড়া, দায়েশ প্রতিদিনই ভূখণ্ড হারাচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি।
এছাড়া, ব্রেনান আজ সিনেটের গোয়েন্দা কমিটিকে এও জানাবেন যে, তাকফিরি দায়েশের বহু প্রশিক্ষিত পশ্চিমা সন্ত্রাসী এখন নিজ ভূখণ্ডে ফিরে গিয়ে হামলা চালাতে পারে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৬