নাইজারের শাহারা মরুভূমিতে মিলল ৩৪ শরণার্থীর লাশ
https://parstoday.ir/bn/news/world-i12238-নাইজারের_শাহারা_মরুভূমিতে_মিলল_৩৪_শরণার্থীর_লাশ
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের শাহারা মরুভূমিতে নারী এবং শিশুসহ প্রায় তিন ডজন ব্যক্তির লাশ পাওয়া গেছে । প্রতিবেশী আলজেরিয়া হয়ে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমানোর পথে দালালরা এসব ব্যক্তির লাশ ফেলে গেছে বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৬, ২০১৬ ১৬:৩৮ Asia/Dhaka
  • নাইজারের শাহারা মরুভূমিতে মিলল ৩৪ শরণার্থীর লাশ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের শাহারা মরুভূমিতে নারী এবং শিশুসহ প্রায় তিন ডজন ব্যক্তির লাশ পাওয়া গেছে । প্রতিবেশী আলজেরিয়া হয়ে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমানোর পথে দালালরা এসব ব্যক্তির লাশ ফেলে গেছে বলে মনে করা হচ্ছে।

নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ বাজুম গতকাল (বুধবার) এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন যে, ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমানোর পথে মরুভূমি পার হওয়ার সময় ৩৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে পাচ জন পুরুষ, নয়জন নারী এবং ২০ জন শিশু রয়েছে।

তিনি বলেন, নিহতদের মধ্যে দুই জনকে নাইজেরিয়ার নাগরিক হিসেবে সনাক্ত করা হয়েছে। তবে বাকি ব্যক্তিদেরকে তৎক্ষণাৎভাবে সনাক্ত করা যায় নি বলে জানান তিনি।

বাজুম বলেন, নাইজার এবং আলজেরিয়ার মধ্যে অবস্থিত শাহারা মরুভূমির উত্তরাঞ্চলের আসামাকা শহরের কাছে একটি সীমান্ত এলাকায় এসব ব্যক্তির লাশ পাওয়া গেছে। তিনি আরো বলেন, চলতি জুন মাসের ৬ থেকে ১২ তারিখের মধ্যে এসব শরণার্থী মারা গেছে। চরম পানির পিপাসাই এসব ব্যক্তির মৃত্যুর সম্ভাব্য কারণ বলে বিবৃতিতে বলা হয়েছে। বর্তমানে ওই এলাকায় ৪২ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম জানিয়েছে, নাইজার মরুভূমি হয়ে গত বছর ১ লাখ ২০ হাজার এবং চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৬০ হাজার মানুষ ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। ২০১৫ সালে ৩৭ জন অভিবাসী মরুভূমিতে মারা গেছে বলেও সংস্থাটি জানিয়েছে।#

 

 

পার্সটুডে/ বাবুল আখতার/১৬