রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলা শুরু
পাল্টা হামলার ফলাফল সম্পর্কে পরস্পরবিরোধী দাবি রাশিয়া ও ইউক্রেনের
-
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলা শুরু
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলার ফলাফল সম্পর্কে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে। রাশিয়া বলেছে, দেশটির সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলা ব্যর্থ হয়েছে। কিন্তু ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তারা রুশ সেনাদের বিরুদ্ধে চালানো অভিযানে অগ্রগতি অর্জন করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সেনাবাহিনী দোনেস্ক ও ঝাপোরিজ্জিয়া অঞ্চলের দক্ষিণ দিক এবং পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে হামলা চালিয়েছে। অবশ্য তাদের কোনো হামলায় রাশিয়া নিজের নিয়ন্ত্রণে থাকা কোনো ভূমি হারায়নি।
তবে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তারা শনিবার ফ্রন্ট লাইনের কোনো কোনো অংশে প্রায় এক মাইল অগ্রসর হয়েছে। ইউক্রেন সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের মুখপাত্র কর্নেল শেরহি চেরেভাতি বলেছেন, বিগত ২৪ ঘণ্টায় বাখমুত শহরের কাছে তারা রুশ সেনাদের সঙ্গে ছয়বার সংঘর্ষে লিপ্ত হয়েছেন। তবে ইউক্রেনের সেনাবাহিনী অগ্রগতি অর্জন করেছে কিনা তা তিনি জানাতে পারেননি।
কিন্তু রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনের সবগুলো হামলা প্রতিহত করেছে। তবে বাখমুত পরিস্থিতি সম্পর্কে ওই মন্ত্রণালয় কোনো কথা বলেনি।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার কিয়েভ সফররত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু হয়েছে।
তবে এ হামলা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে তা জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, “ইউক্রেনে পাল্টা হামলা ও আত্মরক্ষামূলক হামলা চলছে। তবে এসব হামলা কোন পর্যায়ে রয়েছে তার বিস্তারিত আমি বলব না।”#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১১