সীমান্ত সমস্যা নিরসনে পদ্ধতি তৈরি করবে কাবুল ও ইসলামাবাদ
পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্ত সমস্যা নিরসনে একটি পদ্ধতি তৈরির বিষয়ে সম্মত হয়েছে। ইসলামাবাদে পাকিস্তান এবং আফগানিস্তানের প্রতিনিধিদলের মধ্যে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। পাক পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
এর আগে আলোচনার জন্য আফগানিস্তানের একটি প্রতিনিধিদল আজ(সোমবার) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছায়। গত সপ্তাহের সীমান্ত সংঘর্ষের বিষয়ে আলোচনার জন্য দলটি পাকিস্তানে গেছে।
পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। আলোচনায় আফগান প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী হেকমত খলিল কারজাই। অন্যদিকে পাক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী।
বৈঠকে দুই দেশ সীমান্ত ইস্যু বন্ধুত্বপূর্ণ উপায়ে নিরসনের ইচ্ছা প্রকাশ করেছে। এ ছাড়া শান্তি বজায় রাখা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের জন্য কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার বিষয়েও ঐকমত্য হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২০