মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যবাদ ইউক্রেন যুদ্ধের কারণ: ইরান
https://parstoday.ir/bn/news/world-i126876-মার্কিন_নেতৃত্বাধীন_আধিপত্যবাদ_ইউক্রেন_যুদ্ধের_কারণ_ইরান
মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যবাদ ও আমেরিকার অতিরিক্ত চাহিদার কারণে ইউক্রেনে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের একজন শীর্ষস্থানীয় সেনা কমান্ডার। ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে গতকাল (মঙ্গলবার) এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০২৩ ০৬:৪৪ Asia/Dhaka
  • মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যবাদ ইউক্রেন যুদ্ধের কারণ: ইরান

মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যবাদ ও আমেরিকার অতিরিক্ত চাহিদার কারণে ইউক্রেনে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের একজন শীর্ষস্থানীয় সেনা কমান্ডার। ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে গতকাল (মঙ্গলবার) এ মন্তব্য করেন।

তিনি রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে কুবিঙ্কা শহরে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক ১১তম মস্কো সম্মেলনে বক্তব্য রাখেন। জেনারেল নাসিরজাদে বলেন, মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যবাদ ও অতিরিক্ত চাহিদা না থাকলে ইউক্রেনে চলমান ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হতো না।

তিনি আরো বলেন, যারা এই যুদ্ধ শুরু করেছে এবং যারা এ‌ই যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ যোগাচ্ছে তাদের উভয়কে তাদের নীতি পুনর্বিবেচনা করতে হবে। তাদেরকে একথা বুঝতে হবে যে, অপরের নিরাপত্তা বিঘ্নিত করলে তার প্রতিক্রিয়ার আগুনে তারাও জ্বলেপুড়ে ছারখার হয়ে যেতে পারে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সেইসঙ্গে পাশ্চাত্য ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করে।

মস্কো বলছে, পশ্চিমা সমরাস্ত্রের কারণে ইউক্রেন পরিস্থিতি জটিলতর হচ্ছে এবং যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। গত জুন মাসে ক্রেমলিন বলেছে, পশ্চিমারা কিয়েভকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে চলমান সংঘাত ও উত্তেজনা আরো জটিল হবে।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।