মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা
'ইরান-বিরোধী মার্কিন নিষ্ঠুর নিষেধাজ্ঞা কখনো মেনে নেব না'
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাম্ব্রি আব্দুল কাদির ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করে বলেছেন, কুয়ালালামপুর কখনো এই নিষ্ঠুর নিষেধাজ্ঞাকে মেনে নেবে না।
গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসির সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।
ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরান মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ মিত্র।
গত ২০ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত ইরান সফর করেছেন জাম্ব্রি। এ সময় ইরানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে তার যেসব বৈঠক হয়েছে তাকে তিনি ইতিবাচক বলে উল্লেখ করেন।
প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে বৈঠকে জাম্ব্রি ইরান ও মারয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে বিশেষ করে কৃষি, ওষুধ শিল্প, বিজ্ঞান এবং প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নত করার আহ্বান জানান।
বৈঠকে প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরান ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতার পরিকল্পনা প্রণয়ন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।
একই সঙ্গে তিনি আশা করেন, সহযোগিতার এই পরিকল্পনা পারস্পরিক সম্পর্ক উন্নত করবে এবং এর মাধ্যমে অর্থনৈতিক লেনদেনও বাড়বে।
গত ডিসেম্বরে জাম্ব্রি আব্দুল কাদির মালয়েশিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এরপর প্রথমবারের মতো তিনি ইরান সফর করছেন।#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।