ইউক্রেনকে সামরিক সাহায্য দেয়ার বিরোধিতা বাড়ছে আমেরিকায়
https://parstoday.ir/bn/news/world-i129000-ইউক্রেনকে_সামরিক_সাহায্য_দেয়ার_বিরোধিতা_বাড়ছে_আমেরিকায়
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকা ইউক্রেনকে যে সামরিক সহায়তা দিয়ে আসছে তার প্রতি বিরোধিতা বাড়ছে মার্কিন নাগরিকদের মধ্যে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৬, ২০২৩ ১২:০৭ Asia/Dhaka
  • ইউক্রেনকে সামরিক সাহায্য দেয়ার বিরোধিতা বাড়ছে আমেরিকায়

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকা ইউক্রেনকে যে সামরিক সহায়তা দিয়ে আসছে তার প্রতি বিরোধিতা বাড়ছে মার্কিন নাগরিকদের মধ্যে।

রয়টার্স-ইপসোস পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, গত জুন মাসে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান শুরু করার পর থেকে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের মধ্যে কিয়েভের প্রতি সমর্থন দিন দিন কমছে।

গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত জরিপ ফলাফলে দেখা যায়, শতকরা ৪১ ভাগ মার্কিন নাগরিক ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়ার পক্ষে সমর্থন দিয়েছে। অন্যদিকে, শতকরা ৩৫ ভাগ মানুষ সামরিক সহায়তা দেয়ার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন। বাকিরা বলেছেন, তারা এখনো নিশ্চিত নন যে, কোন পক্ষে অবস্থান নেবেন তারা।

গত জুন মাসের রয়টার্স অন্য এক জরিপ ফলাফলে জানিয়েছিল, আমেরিকার শতকরা ৬৫ ভাগ মানুষ ইউক্রেনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। এদিকে, জুন মাসের জরিপের সময় ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের শতকরা ৮১ ভাগ সমর্থক ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার পক্ষে মত দিয়েছিল। এখন সেই সমর্থন কমে শতকরা ৫২ ভাগে দাঁড়িয়েছে। জুন মাসে রিপাবলিকান দলের শতকরা ৫৬ ভাগ সমর্থক ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার পক্ষে মত দিয়েছিল কিন্তু সেই সমর্থন এখন কমে শতকরা ৩৫ ভাগে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার বিষয়টি মার্কিন কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিন আগে সরকারি শাটডাউন এড়ানোর জন্য মার্কিন কংগ্রেসে যে স্বল্পকালীন বাজেট পাস হয়েছে তাতে রিপাবলিকানরা ইউক্রেনের জন্য অর্থ বরাদ্দ দেয়নি।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।