​​​​​​​‘ইসরাইলের গাজা-বিরোধী যুদ্ধ মধ্যপ্রাচের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে পারে’
https://parstoday.ir/bn/news/world-i130272-ইসরাইলের_গাজা_বিরোধী_যুদ্ধ_মধ্যপ্রাচের_অন্যান্য_স্থানে_ছড়িয়ে_পড়তে_পারে’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের চলমান যুদ্ধ মধ্যপ্রাচের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৪, ২০২৩ ০৭:৩১ Asia/Dhaka
  • ​​​​​​​‘ইসরাইলের গাজা-বিরোধী যুদ্ধ মধ্যপ্রাচের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে পারে’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের চলমান যুদ্ধ মধ্যপ্রাচের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভ।

তারা গতকাল (শুক্রবার) গাজা পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলার সময় এ শঙ্কা প্রকাশ করেন।  

ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি অপরাধযজ্ঞ ও জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, ফিলিস্তিন পরিস্থিতি বিশেষ করে গাজা উপত্যকার ভয়াবহ অবস্থার ব্যাপারে তেহরান ও মস্কো অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার ওপর ইসরাইলের ভয়াবহ বিমান হামলা চলছে। দু’দিন আগে গাজায় ইসরাইলি ট্যাংক অনুপ্রবেশ করেছে এবং ইহুদিবাদী বাহিনী শুক্রবার দাবি করেছে তারা উপত্যকার উত্তর অংশে অবস্থিত গাজার সিটি পুরোপুরি অবরোধ করে ফেলেছে। হামাস’সহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসরাইলি সেনাদের কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে।

এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা ৯,২০০ জন ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে প্রায় চার হাজার শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) জানিয়েছে, গত ২৮ দিনের ইসরাইলি বোমাবর্ষণে ৩,৮২৬ শিশু ও ২,৪০৫ নারীসহ মোট ৯,২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়া, আরো ২,১০০ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন যাদের প্রায় সবাই ইসরাইলি হামলায় বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে রয়েছেন বলে ধারনা করা হচ্ছে। তাদের কারো কারো জীবিত থাকার আশা থাকলেও বেশিরভাগেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া নিরবচ্ছিন্ন এই বিমান হামলায় আহত হয়েছেন অন্তত ২৩,০০০ ফিলিস্তিনি।

শুক্রবার ল্যাভরভ ছাড়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুররহমান বনি জাসেম আলে জানির সঙ্গেও গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। #

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।