কাবুলে ভয়াবহ গাড়িবোমা হামলা: নিহত ৩০ আহত ৫০
আফগানিস্তানের রাজধানী কাবুলে পুলিশ ক্যাডেটদের বহনকারী গাড়ির বহর লক্ষ্য করে জোড়া আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। কাবুলের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি সড়কে আজ (বৃহস্পতিবার) সকালে এ পাশবিক হামলা চালানো হয়।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলা চালানো গাড়ি দু’টি প্রতিবেশী ওয়ারদাক প্রদেশ থেকে তেহরানে এসেছিল বলে তারা জানতে পেরেছেন।
উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পুলিশ ক্যাডেট ও তাদের প্রশিক্ষকদের বহনকারী বাসে প্রথম গাড়িবোমা হামলাটি চালানো হয়। এরপর আশপাশের লোকজন হতাহতদের সাহায্যে এগিয়ে এলে তাদের ওপর দ্বিতীয় বোমা হামলাটি চালানো হয় বলে তিনি দাবি করেন।
কাবুলস্থ কানাডার দূতাবাসে কর্মরত নেপালি নিরাপত্তা রক্ষীদের বহনকারী একটি বাসে গাড়িবোমা হামলায় ১৪ জন নিহত হওয়ার ১০ দিন পর পুলিশের ওপর এ হামলা চালানো হলো।
এর আগে গত এপ্রিলে কাবুলে একটি বেসামরিক নিরাপত্তা সংস্থার স্থাপনায় ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছিল। ২০১১ সালের পর থেকে সেটি ছিল আফগানিস্তানে চালানো সবচেয়ে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০