জাতিসংঘে ইরানি প্রতিনিধির মন্তব্য
‘পুরো অঞ্চলকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার জন্য ইসরাইলের শাস্তি হওয়া উচিত’
জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার জন্য দখলদার ইসরাইলের শাস্তি হওয়া উচিত।
ফিলিস্তিন ইস্যুতে গতকাল (সোমবার) জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। ইরানি প্রতিনিধি বলেন, ইসরাইল আন্তর্জাতিক অঙ্গনে যত অন্যায়-অপরাধ করেছে তার প্রত্যেকটির জন্য শাস্তি পাওয়া দরকার।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসন ও গণহত্যার তীব্র বিরোধিতা করে আমির সাঈদ ইরাভানি বলেন, দখলদাররা আধুনিক যুগের সমস্ত নিয়ম-কানুন ও কনভেনশন লঙ্ঘন করে এই আগ্রাসন চালাচ্ছে যা নজিরবিহীন। এ সময় তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী জাতিসংঘের স্টাফ, সাংবাদিক এবং গাজার নিরপরাধ নারী ও শিশুদের হত্যার কথা তুলে ধরেন।
এর একদিন আগে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী ও ত্রাণ বিষয়ক প্রতিনিধি ফিলিপ লাজ্জারিনি বলেছেন, নারী-শিশু, নার্স এবং সাংবাদিক হত্যায় ইহুদিবাদী ইসরাইল নতুন রেকর্ড স্থাপন করেছে।
গাজা আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে ৩৩ হাজার ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরাইল সেনারা। এর মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি নারী ও শিশু।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/৯