একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
https://parstoday.ir/bn/news/world-i13867-একনজরে_ঢাকা_ও_কোলকাতার_পত্রপত্রিকার_সব_গুরুত্বপূর্ণ_খবর
সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ৬ জুলাই বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৬, ২০১৬ ১৪:২৬ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ৬ জুলাই বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

জঙ্গি ভেবে শেফকে গুলি করেছিল কমান্ডোরা!-ইত্তেফাক

২৪ আগস্টের মধ্যে গুলশানে হামলার প্রতিবেদন দিতে হবে-প্রথম আলো

কখন জঙ্গিতে পরিণত হল এই তরুণরা?- মানবজমিন

এবার ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কম হয়েছে : সেতুমন্ত্রী - কালের কণ্ঠ

প্রবল বর্ষণে পাহাড়ি ঢল বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন-নয়া দিগন্ত

ঈদের দীর্ঘ ছুটিতেও পর্যটন শিল্পে হতাশা-যায় যায় দিন

গুলশান হামলার নির্দেশদাতা কে-বাংলাদেশ প্রতিদিন

গুপ্তহত্যা থামানোর সক্ষমতা সরকারের আছে-তথ্যমন্ত্রী- যুগান্তর

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

বর্ধমানে ধৃতের সঙ্গে মিলল আইএস যোগ-বর্তমান

প্রিয়াঙ্কাকে উত্তরপ্রদেশের প্রচার সভাপতি করছে না কংগ্রেস!-সংবাদ প্রতিদিন

সেপ্টেম্বরেই কংগ্রেস সভাপতি রাহুল!‌-আজকাল

সঙ্ঘের চাপে সরলেন স্মৃতি, গুরুত্ব বাড়ল জাভড়েকরের -আনন্দবাজার

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

গুলশান ট্রাজেডিতে আসলে কারা জড়িত সে সম্পর্কিত ফলোআপ খবরে ইত্তেফাকের শিরোনাম:

গুলশানে জঙ্গি হামলার দায় স্বীকার করে আইএসের ভিডিও

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেটের (আইএস) দেয়া একটি ভিডিও ফুটেজ আপলোড করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এই ভিডিও ফুটেজে তিন জন যুবক নিজেদেরকে বাংলাদেশি পরিচয় দিয়ে এই হামলার পেছনে আইএসের সহযোগিতা ও প্রত্যক্ষ মদত রয়েছে বলে ঘোষণা দিয়েছে।

ভিডিও ফুটেজে বাংলাদেশি দাবি করা যে তিন জন যুবককে দেখা যাচ্ছে তাদের মধ্যে এক জনের পরিচয় মিলেছে। তার নাম তাহমিদুর রহমান। তার বাবা সাবেক নির্বাচন কমিশনার সফিউর রহমান। ২০০১-২০০৬ সাল পর্যন্ত নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তিনি। ২০১৪ সালে তিনি মারা গেছেন। তবে তাহমিদুর রহমান কবে বাড়ি থেকে পালিয়েছে এ বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।

সাইট ইন্টেলিজেন্সে যে ভিডিও ফুটেজটি আপলোড করা হয়েছে সেটি সিরিয়া থেকে দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

জঙ্গি ভেবে শেফকে গুলি করেছিল কমান্ডোরা!-ইত্তেফাক

গুলশানে সন্ত্রাসী হামলা মোকাবেলায় অপারাশেন থান্ডারবোল্টে ভুল করে এক জিম্মিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বাংলাদেশ পুলিশ তাদের এই ভুল স্বীকার করেছে বলেও জানিয়েছে তারা। যৌথ বাহিনী থেকে জানানো হয়, অভিযানে ছয়জন জঙ্গি নিহত হয়েছে।কিন্তু পরে তারা জানায়, ছয়জনের মধ্যে একজন ওই হোটেলের কর্মী। সাইফুল ইসলাম চৌকিদার নামে ঐ ব্যক্তি মূলত একজন জিম্মি ছিলেন।

তিনি হোটেলের পিজা শেফ ছিলেন। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, তাকে প্রথমে জঙ্গি মনে করা হলেও পরে জানা যায় পুলিশ ভুল করে তাকে গুলি করেছিলো।

যুগান্তরের খবর: গুপ্তহত্যা থামানোর সক্ষমতা সরকারের আছে-তথ্যমন্ত্রী

দেশের চলমান গুপ্তহত্যা থামানোর ক্ষমতা সরকারের রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার সকালে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁর হত্যাকাণ্ডকে সাময়িক ধাক্কা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, একটি ঘটনার মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে থামানোর ক্ষমতা জঙ্গিদের নেই।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পুরো সমাজ জঙ্গিবাদের বিপক্ষে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো জঙ্গিবাদের বিপক্ষে। এজন্য দেশের ৬০ শতাংশেরও বেশি তরুণের মধ্যে গুটিকয়েক বিপথগামী তরুণের জন্য পুরো দেশ সংকটে রয়েছে বলে আমি মনে করি না।

হাসানুল হক ইনু বলেন, এখন যে সব তরুণের নিখোঁজদের সংবাদ পাওয়া যাচ্ছে, তাদের বিষয়ে জোর তৎপরতা চালানো হবে।

তিনি বলেন, গুলশানে সন্ত্রাসী হামলা ভারত, জাপান, ইতালি বা জাপানের ওপর হামলা নয়, এটা শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা।

এ ধরনের হত্যাকাণ্ড রাষ্ট্র, সমাজ, সভ্যতা ও ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামান্তর বলেও উল্লেখ করেন হাসানুল হক ইনু।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তাদের নানা বক্তব্যের মাধ্যমে জঙ্গিরা সুবিধা পাচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই নিজের গায়ে জঙ্গির কাদা লাগাচ্ছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া জঙ্গি ইস্যুতে জাতীয় সংলাপের কথা বলছেন। কিন্তু সশস্ত্র জামায়াত ও সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে জঙ্গি দমনের সংলাপ হতে পারে না। বিএনপিকে আগে এই ইস্যুতে অবস্থান পরিষ্কার করতে হবে।

বিএনপির আমলে জঙ্গিবাদের উত্থান হয়েছিল দাবি করে মন্ত্রী বলেন, গত সাত বছরে শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ দমনে নিরলসভাবে কাজ করছে। এখন পর্যন্ত ৭০ জন জঙ্গি মৃত্যুদণ্ডের রায় নিয়ে সাজার অপেক্ষায় রয়েছে।

কোনো জঙ্গিকেই বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়নি বলেও দাবি করেন তিনি।

গুলশানে হামলা ইতিহাসের বিরল দুর্ঘটনা: রিজভী-প্রথম আলো

প্রথম আলোর শিরোনাম: ২৪ আগস্টের মধ্যে গুলশানে হামলা মামলার প্রতিবেদন দিতে হবে

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার ঘটনায় ২৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।

আজ বুধবার পুলিশ ওই মামলার নথি আদালতে উপস্থাপন করেন। পরে মহানগর হাকিম স্নিগ্ধা রাণী চক্রবর্তী ২৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

১ জুলাই রাতে ওই হামলার ঘটনায় গত সোমবার রাতে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করা হয়। এতে ওই ঘটনায় নিহত পাঁচ হামলাকারীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

এদিকে দৈনিকটি অন্য একটি খবরে বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়ার বরাত দিয়ে লেখা হয়েছে, গুলশানের বেদনার্ত উপাখ্যানের পরে প্রকাশিত প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে ক্রমবর্ধমানহারে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার জন্য বাংলাদেশের বিভক্ত রাজনীতিকে প্রধানত দায়ী করা হয়েছে। বিভিন্ন সময়ে বিষয়টি উঠে এলেও তা তেমন একটা গুরুত্ব পায়নি রাজনৈতিক মহলে।

এবার ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কম হয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

ইত্তেফাকের এ খবরে বলা হয়েছে,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘এবারের ঈদে গত কয়েক বছরের তুলনা ঘরমুখো মানুষের দুর্ভোগ কম হয়েছে। জানজট, বৃষ্টি এবং রাস্তায় ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলের করণে যাত্রীদের কিছুটা দুর্ভোগ হয়েছে। ঈদে ঘরমুখো যাত্রী আর নেই। এখন চ্যালেঞ্জ কর্মস্থলে ফিরে আসা মানুষদের নিয়ে। তারা কি ভাবে স্বাচ্ছন্দে কর্মস্থলে ফিরতে পারে সেই ব্যাপারে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এজন্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুধু ঈদের দিন সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছুটি দেয়া হয়েছে।

যুগান্তরের শিরোনাম: নাশকতা প্রতিরোধে

বায়তুল মোকাররমের ভেতরে সেনা মোতায়েন

গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার জের ধরে যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে স্বশস্ত্র সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বায়তুল মোকাররমের বাইরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে। তাদের তল্লাসি শেষেই মসুল্লিরা মসজিদটিতে প্রবেশের সুযোগ পাচ্ছেন।

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

গোলাগুলির তীব্র সংকট ভারতীয় সেনাবাহিনীতে!-সংবাদ প্রতিদিন

আর কয়েকদিন পরেই কারগিল দিবসে গোটা দেশ নিহতদের স্মৃতির প্রতি সমবেদনা জানাবে৷ ২৬ জুলাই ১৭তম কার্গিল দিবস৷ সেই ভয়ঙ্কর রণভূমে নাগরিক-সেনা মিলিয়ে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৫০০ জন৷ কিন্তু ১৭ বছর পরেও কিছু ক্ষেত্রে চিত্রটা বদলায়নি৷ সেনার ভাঁড়ারে এখনও গোলাগুলির অভাব!

বর্তমানে যে পরিমাণ গোলা-বারুদ সেনা ভাণ্ডারে রয়েছে, প্রবল যুদ্ধ বাঁধলে তা দিয়ে লড়াই করা যাবে মাত্র ১৪ দিন৷ সেনা সূত্রেও গোলাগুলির এই অভাব মেনে নেওয়া হয়েছে৷ পরিস্থিতি এতটাই সঙ্গীন, যে প্রশিক্ষণের জন্য বরাদ্দ গুলি ব্যবহার না করে সংরক্ষণ করা হচ্ছে৷ একই দশা কামান, সাঁজোয়া বাহিনীরও৷

সঙ্ঘের চাপে সরলেন স্মৃতি, গুরুত্ব বাড়ল জাভড়েকরের-আনন্দবাজার

নে হচ্ছিল নেহাতই সাদামাটা রদবদল। কিন্তু রাত গড়াতেই তা হয়ে গেল বিস্ফোরক! মন্ত্রিসভার রদবদলে এক ধাক্কায় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে স্মৃতি ইরানিকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌজন্যে সঙ্ঘ পরিবারের চাপ।

রাষ্ট্রপতি ভবনে সকাল এগারোটায় ১৯ জন নতুন প্রতিমন্ত্রীর শপথ হয়ে গেলেও দফতরে রদবদল করতে প্রধানমন্ত্রী সময় নিলেন প্রায় দশ ঘণ্টা! তার আগে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছেন পাঁচ প্রতিমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছে, দক্ষতা, উদ্যম, শিক্ষা এবং অভিজ্ঞতা— এই চারটি বিষয়কে মাথায় রেখেই রদবদল করা হয়েছে। যার সবথেকে বড় প্রমাণ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে বিতর্কিত স্মৃতি ইরানির অপসারণ। তাঁকে দেওয়া হল অপেক্ষাকৃত কম গুরুত্বের বস্ত্র মন্ত্রক। বার্লিন থেকে পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে উড়িয়ে এনে মানবসম্পদ মন্ত্রকে আনা হল। পরিবেশ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ‘নর্মদা বাঁচাও আন্দোলনে’র সঙ্গে যুক্ত অনিল দাভে। প্রকাশের ভূমিকা নিয়ে বহু দিন ধরেই ক্ষুব্ধ ছিলেন পরিবেশ কর্মীরা। প্রকাশকে সরিয়ে মোদী পরিবেশের প্রতি সুবিচারই করলেন বলে মনে করছেন অনেকে।

বর্ধমানে ধৃতের সঙ্গে মিলল আইএস যোগ-বর্তমান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা বর্ধমান: বর্ধমান স্টেশনে বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার থেকে আটক যুবক মহম্মদ মসিউদ্দিন ওরফে মুসার সঙ্গে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সংস্রব মেলার পরই তাকে গ্রেপ্তার করল সিআইডি। সোমবার রাতে দীর্ঘ জেরার পর মঙ্গলবার দুপুরে তাকে বর্ধমান থেকে ভবানীভবনে নিয়ে আসা হয়। আসার পথে হাওড়া স্টেশনে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।

সেপ্টেম্বরেই কংগ্রেস সভাপতি রাহুল!‌-আজকাল

বোন প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশে দলের হাল ধরেছেন। খবর, এবার দাদা শিগগিরই কংগ্রেসের হাল ধরছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা জানিয়েছেন, সেপ্টেম্বরেই দলের সভাপতি হচ্ছেন রাহুল। মে মাসেই ইঙ্গিতটা দিয়ে রেখেছিল কংগ্রেস। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ বারবার বলেছেন, এবার রাহুলের দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার জন্যই বারবার ভোটে মুখ থুবড়ে পড়ছে দল।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬