'সৌদির সাম্প্রতিক বোমা হামলাগুলো দেশটির সরকারেরই কাজ হতে পারে'
https://parstoday.ir/bn/news/world-i14116-'সৌদির_সাম্প্রতিক_বোমা_হামলাগুলো_দেশটির_সরকারেরই_কাজ_হতে_পারে'
সৌদি আরবের সাম্প্রতিক বোমা হামলাগুলো দেশটির সরকারের ষড়যন্ত্রেই করা হয়ে থাকতে পারে বলে একজন প্রখ্যাত আরব সাংবাদিক মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০১৬ ১৬:৩৫ Asia/Dhaka
  • মসজিদে নববীর কাছে বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলে সৌদি নিরাপত্তা কর্মী ও কর্মকর্তারা
    মসজিদে নববীর কাছে বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলে সৌদি নিরাপত্তা কর্মী ও কর্মকর্তারা

সৌদি আরবের সাম্প্রতিক বোমা হামলাগুলো দেশটির সরকারের ষড়যন্ত্রেই করা হয়ে থাকতে পারে বলে একজন প্রখ্যাত আরব সাংবাদিক মন্তব্য করেছেন।

বিশ্বের বেশিরভাগ মানুষই এটা মনে করে যে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের গড-ফাদার বা মদদদাতা হল সৌদি সরকার। আর এই ধারণাটি দূর করতে ও আরও কিছু রাজনৈতিক কর্মসূচিকে এগিয়ে নেয়ার জন্যই সৌদি সরকারের ষড়যন্ত্রে সম্প্রতি দেশটিতে তিনটি বোমা হামলা চালানো হয়েছে বলে দৈনিক ‘রাই আল ইয়াওম’-এর প্রধান সম্পাদক আবদুল বারি আতওয়ান মন্তব্য করেছেন।

আবদুল বারি আতওয়ান তার সর্বসাম্প্রতিক সম্পাদকীয়তে লিখেছেন, সৌদি সরকার এইসব হামলার ঘটনা সাজিয়ে এটা দেখাতে চায় যে তারাও দায়েশ বা আইএসআইএল-এর সন্ত্রাসের শিকার এবং তারা এইসব হামলার গল্পগুলোকে নানা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।

আবদুল বারি আতওয়ান আরও লিখেছেন, ‘সৌদি সরকার দেশটিতে সাম্প্রতিক বোমা হামলাগুলোর জন্য দায়েশকে দায়ী করলেও আইএসআইএল ঘটনার কয়েক দিন পর এখনও এইসব হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। অথচ দায়েশ বেলজিয়াম, ফ্রান্স ও বাংলাদেশে সন্ত্রাসী হামলার পর খুব দ্রুত এইসব হামলার দায়িত্ব স্বীকার করেছিল। ফলে সৌদি আরবের সাম্প্রতিক বোমা হামলাগুলো সম্পর্কে বড় ধরনের প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।’

সম্প্রতি (গত সোমবার) সৌদি আরবের পবিত্র মদিনা, কাতিফ ও জেদ্দা শহরে কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। বিশ্বনবীর (সা) মসজিদ তথা মসজিদে নববীর কাছে নিরাপত্তা কর্মীদের সদর দপ্তরে এক বোমা হামলায় কয়েকজন নিরাপত্তা রক্ষী নিহত হয়। দেশটির পূর্বাঞ্চলীয় কাতিফ শহরের একটি শিয়া মসজিদের কাছে দু’টি বোমা বিস্ফোরণের পরপরই মদিনায় এই বোমা হামলা চালানো হয়। এর আগের দিন বন্দর নগরী জেদ্দায় মার্কিন কনস্যুলেট ভবনের কাছে এক বোমা বিস্ফোরিত হয়।

দায়েশ বা আইএসআইএল ওয়াহাবি মতবাদে বিশ্বাসী। আর সৌদি সরকারের অনুমোদিত আলেমরাও এই গোঁড়া বা ধর্মান্ধ মতবাদটি অবাধে প্রচার করে থাকে। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/৯