তুরস্ককে আইনের শাসনের প্রতি সম্মান দেখাতে হবে: ইইউ
https://parstoday.ir/bn/news/world-i14923-তুরস্ককে_আইনের_শাসনের_প্রতি_সম্মান_দেখাতে_হবে_ইইউ
তুরস্ককে আইনের শাসনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। দেশটিতে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত ব্যক্তিদের ওপর ব্যাপক দমন পীড়ন চালানো হতে পারে বলে যখন আশঙ্কা করা হচ্ছে তখন তুর্কি সরকারের প্রতি এ আহ্বান জানাল ইইউ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৮, ২০১৬ ১৩:৫৪ Asia/Dhaka
  • ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি ফেদেরিকা মোগেরিনি
    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি ফেদেরিকা মোগেরিনি

তুরস্ককে আইনের শাসনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। দেশটিতে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত ব্যক্তিদের ওপর ব্যাপক দমন পীড়ন চালানো হতে পারে বলে যখন আশঙ্কা করা হচ্ছে তখন তুর্কি সরকারের প্রতি এ আহ্বান জানাল ইইউ।

ইইউ’র পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি আজ (সোমবার) ব্রাসেলসে বলেন, ‘তুরস্ককে আইনের শাসন রক্ষা করতে হবে এবং এ থেকে বেরিয়ে যাওয়ার কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।’

মোগেরিনি সাংবাদিকদের বলেন, গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার বিষয়টি আমরাই ব্যর্থ অভ্যুত্থানের রাতে উল্লেখ করেছিলাম।

তিনি আরো বলেন, ‘অভ্যুত্থানকারীদের দমনের অর্থ এই নয় যে, দেশে আইনের শাসন এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভারসাম্য বজায় থাকবে না। বরং দেশের স্বার্থেই সেগুলোর সুরক্ষা দেয়া উচিত এবং এ বিষয়ে তুরস্ককে আমরা কঠিন বার্তা পাঠাব।’

এদিকে, তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর দেশটির সরকার যেভাবে দমন পীড়ন চালাচ্ছে তাতে আন্তর্জাতিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে। ব্যর্থ অভ্যুত্থানের পর সারাদেশ থেকে বিচারপতিসহ অন্তত ৬ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৮