ইরানের সাথে বাণিজ্যের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ আমেরিকার অবনতির লক্ষণ: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i156110-ইরানের_সাথে_বাণিজ্যের_ওপর_ট্রাম্পের_শুল্ক_আরোপ_আমেরিকার_অবনতির_লক্ষণ_ল্যাভরভ
পার্সটুডে-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে বাণিজ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে আমেরিকার পরিস্থিতির অবনতির লক্ষণ বলে মনে করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৫, ২০২৬ ১৫:১৯ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

পার্সটুডে-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে বাণিজ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে আমেরিকার পরিস্থিতির অবনতির লক্ষণ বলে মনে করেন।

পার্সটুডে আরও জানায়, ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্কযুক্ত সকল দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা সম্পর্কে এক প্রশ্নের জবাবে বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায্য এবং বৈষম্যমূলক শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ ওয়াশিংটনের প্রতিযোগিতামূলক অবস্থানের ক্রমাগত অবনতির ইঙ্গিত বহন করে।

মস্কোতে নামিবিয়ার আন্তর্জাতিক সম্পর্ক, সহযোগিতা বাণিজ্যমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ আরও বলেন: যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ এ ধরনের অন্যায্য কৌশল ব্যবহার করে, তখন এটি প্রমাণ করে যে তার প্রতিযোগিতামূলক অবস্থান ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে।" তিনি জোর দিয়ে বলেন: আমেরিকার এই কৌশল দীর্ঘ সময়ের জন্য চলতে পারে না, কারণ এটি আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক ও রাজনীতিকে একটি গুরুতর সংকটের দিকে নিয়ে যাবে।

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের ব্যবস্থাকে ব্যাহত করতে চাচ্ছে

ভেনিজুয়েলা সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে ল্যাভরভ আরও বলেন: ভেনেজুয়েলায় আমেরিকার অভিযান প্রমাণ করছে ওয়াশিংটন সম্পর্কের আন্তর্জাতিক ব্যবস্থাকে ব্যাহত করার পথ অনুসরণ করছে। তিনি বলেন: ভেনেজুয়েলায় আমেরিকার অভিযান অবৈধ এবং বিশ্বের অধিকাংশ দেশেরই এই ধারণা ও মূল্যায়ন অভিন্ন।

কোনও তৃতীয় পক্ষই ইরান-রাশিয়া সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করতে পারবে না

বক্তৃতার অন্য অংশে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন: আমি মনে করি না যে কোনও তৃতীয় পক্ষ মস্কো এবং তেহরানের মধ্যে সম্পর্কের মৌলিক প্রকৃতি পরিবর্তন করতে পারে। তিনি উল্লেখ করেন: মস্কো-তেহরান সম্পর্কের প্রকৃতি রাশিয়ান ফেডারেশন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতিদের মধ্যে সম্পাদিত চুক্তির ওপর ভিত্তি করে তৈরি-যা উভয় দেশ এবং উভয় জাতির স্বার্থ পূরণ করে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন: ইরানের সাথে সম্পর্ক বেশ কয়েকটি বাস্তব প্রকল্পে প্রতিফলিত হয়েছে, যেমন বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং উত্তর-দক্ষিণ করিডোরের মতো পরিবহন অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন।#

পার্সটুডে/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।