গাজায় গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i156658-গাজায়_গণহত্যা_বন্ধে_জরুরি_পদক্ষেপ_নিতে_আন্তর্জাতিক_সম্প্রদায়ের_প্রতি_ইরানের_আহ্বান
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাজা উপত্যকায় চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-02-02T08:17:03+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২৬ ১২:২৭ Asia/Dhaka
  • বাকায়ি
    বাকায়ি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাজা উপত্যকায় চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিশেষকরে পুলিশ সদর দপ্তর, ফিলিস্তিনি বাস্তুচ্যুতদের তাঁবু ও আবাসিক এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এসব হামলায় ৬ শিশুসহ ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজার জনগণের বিরুদ্ধে হত্যাকাণ্ড অব্যাহত থাকা এবং গত ১১০ দিনে ৫২৪ জন ফিলিস্তিনির শাহাদাতের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের অব্যাহত অপরাধজ্ঞ এবং এই উপত্যকায় খাদ্য ও ওষুধ সরবরাহে বাধা প্রদানের মতো ঘটনাগুলো ফিলিস্তিনে গত ৮০ বছর ধরে চলমান ঔপনিবেশিক নীতির সুস্পষ্ট প্রমাণ, যা যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যসহ কয়েকটি ইউরোপীয় দেশের সমর্থন ও সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদদের পরিবার ও ফিলিস্তিনি জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সংঘটিত অপরাধ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দখলদার ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ, সংস্থাটির মহাসচিব এবং যুদ্ধবিরতির জামিনদার পক্ষগুলোর সম্মিলিত দায়িত্ব রয়েছে। তিনি গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের জবাবদিহিতা  ও শাস্তি নিশ্চিতকরণ, গাজা উপত্যকা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, মানবিক সহায়তার অবাধ প্রবেশ, রাফাহ সীমান্ত পুরোপুরি খুলে দেওয়া এবং গাজা পুনর্গঠনের প্রক্রিয়া অবিলম্বে শুরু করার ওপর জোর দেন।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।