মালভিনাস দ্বীপপুঞ্জ ইস্যুতে সমর্থন দেওয়ায় চীনের প্রশংসা করল আর্জেন্টিনা
https://parstoday.ir/bn/news/world-i157150-মালভিনাস_দ্বীপপুঞ্জ_ইস্যুতে_সমর্থন_দেওয়ায়_চীনের_প্রশংসা_করল_আর্জেন্টিনা
পার্সটুডে- আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মালভিনাস দ্বীপপুঞ্জ ইস্যুতে চীনের অবস্থানের প্রশংসা করে এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
(last modified 2026-02-19T13:19:49+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১৭:৪১ Asia/Dhaka
  • আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী (বামে) ও চীনের পররাষ্ট্রমন্ত্রী (ডানে)
    আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী (বামে) ও চীনের পররাষ্ট্রমন্ত্রী (ডানে)

পার্সটুডে- আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মালভিনাস দ্বীপপুঞ্জ ইস্যুতে চীনের অবস্থানের প্রশংসা করে এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত ১৩ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পাবলো কুইরনো'র সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের শীর্ষ কূটনীতিকরা পারস্পরিক গুরুত্বপূর্ণ স্বার্থে একে অপরকে সমর্থন এবং অর্থনৈতিক সহযোগিতা গভীরতর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ওয়াং ই বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫৪ বছরে চীন ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল ও দৃঢ় রয়েছে। তিনি বলেন, পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক আন্তর্জাতিক পরিবর্তনের মধ্যেও টিকে আছে।

কুইরনো বলেন, আর্জেন্টিনা ও চীন একে অপরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারG তিনি জানান, চীনের সঙ্গে সহযোগিতা থেকে আর্জেন্টিনা ব্যাপক উপকৃত হয়েছে।

তিনি মালভিনাস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব ইস্যুতে চীনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্থনৈতিক সংকটের সময় চীনের সহায়তার কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি “এক চীন নীতি”-র প্রতি আর্জেন্টিনার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবিতে চীনের সমর্থন বেইজিংয়ের উপনিবেশবিরোধী অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চীনের দৃষ্টিতে, মালভিনাস ইস্যু কেবল আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে সীমান্ত বিরোধ নয়; বরং এটি উন্নয়নশীল দেশ ও সাবেক ঔপনিবেশিক শক্তির মধ্যকার ঐতিহাসিক দ্বন্দ্বের প্রতিফলন।

চীন মনে করে, যেমনিভাবে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, তেমনি মালভিনাসও আর্জেন্টিনার অংশ। এ দৃষ্টিভঙ্গির মাধ্যমে বেইজিং জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার নীতিকে সর্বজনীন বলে তুলে ধরে।

এছাড়া লাতিন আমেরিকায় চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত উপস্থিতিও এই সমর্থনের একটি গুরুত্বপূর্ণ কারণ। ২০০০-এর দশক থেকে চীন এ অঞ্চলের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার ও বিনিয়োগকারী হয়ে উঠেছে। আর্জেন্টিনা বিশেষ করে “বেল্ট অ্যান্ড রোড” উদ্যোগের আওতায় গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে।#

পার্স টুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।