ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি বর্বরতা: রাষ্ট্রদূতদের তলব করল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
https://parstoday.ir/bn/news/world-i159546-ত্রাণবাহী_নৌবহরে_ইসরায়েলি_বর্বরতা_রাষ্ট্রদূতদের_তলব_করল_অস্ট্রেলিয়া_ও_নিউজিল্যান্ড
পার্সটুডে- গাজাগামী ত্রাণবাহী নৌবহর 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'-এর অধিকারকর্মীদের সাথে ইসরায়েলি শাসকগোষ্ঠীর অপমানজনক ও অবমাননাকর আচরণকে 'অগ্রহণযোগ্য' আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। একই সাথে দেশ দুটি তেল আবিবের রাষ্ট্রদূতদের তলব করেছে।
(last modified 2026-05-21T12:06:53+00:00 )
মে ২১, ২০২৬ ১৮:০১ Asia/Dhaka
  • অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং
    অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

পার্সটুডে- গাজাগামী ত্রাণবাহী নৌবহর 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'-এর অধিকারকর্মীদের সাথে ইসরায়েলি শাসকগোষ্ঠীর অপমানজনক ও অবমাননাকর আচরণকে 'অগ্রহণযোগ্য' আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। একই সাথে দেশ দুটি তেল আবিবের রাষ্ট্রদূতদের তলব করেছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা 'ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং আল-সুমুদ নৌবহরের অধিকারকর্মীদের অবমাননাকরভাবে গ্রেপ্তারের ভিডিও প্রকাশের দিকে ইঙ্গিত করে এক বিবৃতিতে বলেন: "আমি যে দৃশ্যগুলো দেখেছি তা অত্যন্ত মর্মান্তিক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।"

তিনি আরও যোগ করেন: "আমরা ইসরায়েলি মন্ত্রী বেন-গভির—যাঁর ওপর অস্ট্রেলিয়া ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে—তাঁর কর্মকাণ্ড এবং বন্দিদের সাথে তেল আবিব কর্তৃপক্ষের এমন হেয়প্রতিপন্ন ও অপমানজনক আচরণের তীব্র নিন্দা জানাই।" অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে।

অন্যদিকে, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সও তাঁর মন্ত্রণালয়কে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করার নির্দেশ দিয়েছেন, যাতে তাঁর দেশের 'গুরুতর উদ্বেগ' সরাসরি ইসরায়েলি রাষ্ট্রদূতের কাছে পৌঁছে দেওয়া যায়।

আন্তর্জাতিক সাহায্যকারী নৌবহর 'গ্লোবাল ফ্লিট আল-সুমুদ' গত মঙ্গলবার জানিয়েছে, ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা ও অধিকারকর্মীদের নিয়ে আসা ৫০টি জাহাজের সবকটিই ইসরায়েলি শাসনগোষ্ঠী জব্দ করেছে। তুরস্কের মারমারিস বন্দর থেকে যাত্রা শুরু করা এই নৌবহরে ৪৪টি দেশের ৪২৮ জন অধিকারকর্মী ছিলেন। আটককৃতদের মধ্যে ১১ জন অস্ট্রেলিয় এবং ৩ জন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন।

ইসরায়েলি শাসনগোষ্ঠীর উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়কমন্ত্রী ইতামার বেন-গভির আল-সুমুদ নৌবহরের অধিকারকর্মীদের গ্রেপ্তারের একটি অবমাননাকর ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, আটককৃতদের হাত বেঁধে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছে।

স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইতালি, স্লোভেনিয়া, গ্রিস, পোল্যান্ড, পর্তুগাল, কানাডা, দক্ষিণ কোরিয়া, সাইপ্রাস, কাতার, তুরস্ক, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডসহ বহু দেশ ইসরায়েলের এই বর্বর পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।

এছাড়া, তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডা, বেলজিয়াম এবং ইতালি নিজ নিজ দেশে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি জমা দিয়েছে।#

পার্সটুডে/এমএআর/২১