ব্রিকস দেশগুলোতে ৫-জি সফল করার চাবিকাঠি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব
-
৫-জি প্রযুক্তি
পার্সটুডে-ডিজিটাল রূপান্তর, ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব পঞ্চম প্রজন্মের (5G) টেলিযোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইরান ও রাশিয়ায় ব্রিকস সেন্টারের প্রতিনিধি এবং ব্রিকস দেশগুলোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক বিশেষজ্ঞ আমির আবেদি এ কথা বলেন।
ব্রিকস দেশগুলোতে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক এখন শুধু একটি টেলিযোগাযোগ প্রযুক্তি নয়; বরং তা শিল্প অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হচ্ছে। এসব নেটওয়ার্ক উন্নয়নের বিভিন্ন মডেল বিনিয়োগ ও মুনাফার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কাঠামো তৈরি করেছে।
টিভি ব্রিকসের বরাত দিয়ে পার্সটুডে জানায়, আমির আবেদির মতে, উন্নত অর্থনীতির দেশগুলোতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করে। সরকার স্মার্ট সিটি ও শিল্পখাতে ইন্টারনেট অব থিংসের (IoT) মতো কর্মসূচির মাধ্যমে চাহিদা তৈরি করে, আর বেসরকারি খাত প্রযুক্তিগত উন্নয়নের গতি বাড়ায়।
তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোতে এই মডেল ধীরে ধীরে সরকারি ও বেসরকারি যৌথ মালিকানার দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে টেলিকম অপারেটরগুলোর মালিকানায় সরকারের অংশীদারিত্বও অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, উন্নত ও উন্নয়নশীল-উভয় ধরনের দেশের জন্যই সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো 5G প্রকল্পগুলোকে লজিস্টিকস, টেলিমেডিসিন ও জ্বালানি ব্যবস্থাপনার মতো নির্দিষ্ট শিল্পখাতের ব্যবহারিক প্রয়োগের সঙ্গে যুক্ত করা। কারণ, এর মাধ্যমেই একটি টেকসই ব্যবসায়িক মডেল তৈরি করা সম্ভব।
তাঁর মতে, ব্যবহারিক ও কার্যকর কনটেন্ট ছাড়া শুধু একটি ‘কাঁচা’ 5G নেটওয়ার্ক তৈরি করা হলে, সেটির সাংগঠনিক কাঠামো যেমনই হোক না কেন, শেষ পর্যন্ত তা ব্যর্থতার দিকে নিয়ে যাবে।#
পার্সটুডে/এনএম/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন