বিনা ভিসায় ভ্রমণের সুবিধা দাও নতুবা চুক্তি বাতিল করব: চাভুসওগ্লু
https://parstoday.ir/bn/news/world-i17311-বিনা_ভিসায়_ভ্রমণের_সুবিধা_দাও_নতুবা_চুক্তি_বাতিল_করব_চাভুসওগ্লু
ইউরোপের দেশগুলোতে শরণার্থী প্রবেশের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে সম্প্রতি যে চুক্তি সই হয়েছে তা বাতিলের হুমকি দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৬ ১৪:১২ Asia/Dhaka
  • বিনা  ভিসায় ভ্রমণের সুবিধা দাও নতুবা চুক্তি বাতিল করব: চাভুসওগ্লু

ইউরোপের দেশগুলোতে শরণার্থী প্রবেশের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে সম্প্রতি যে চুক্তি সই হয়েছে তা বাতিলের হুমকি দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

আগামী অক্টোবরের মধ্যে তুর্কি নাগরিকদেরকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সদস্য রাষ্ট্রগুলোতে বিনা ভিসায় প্রবেশের অনুমতি দেয়া না হলে ওই চুক্তি বাতিল করা হবে বলে হুমকি দেন তিনি।

জার্মানির বিল্ড সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে চাভুসওগ্লু বলেন, আগামী অক্টোবরের মধ্যে তুর্কি নাগরিকদেরকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোতে বিনা ভিসায় ভ্রমণের সুবিধা না দেয়া হলে তুরস্কে থাকা হাজার হাজার শরণার্থীকে ইউরোপে প্রবেশের অনুমতি দেয়া হবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি এই কঠিন পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই না। ইইউ'র সঙ্গে আমাদের আলোচনা চলছে। তবে এটা স্পষ্ট যে হয় চুক্তির সব ধারা বাস্তবায়ন করব অথবা সেগুলোকে এক পাশে রেখে দেব।'  তিনি আরো বলেন, ইইউ’র কল্যাণে আমরা সব কিছুই করব অথচ এর বিনিময়ে তুর্কি জনগণ কিছুই পাবে না- এমনটি হতে পারে না। 

গত মার্চে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন যে চুক্তি করে তাতে বলা হয়েছিল- এজিয়ান সাগর দিয়ে যেসব উদ্বাস্তু ইউরোপে যাওয়ার চেষ্টা করবে তাদেরকে ফেরত নেবে তুরস্ক। বিনিময়ে ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে আর্থিক সুবিধা দেবে এবং তুর্কি নাগরিকদেরকে ইউরোপে বিনা ভিসায় ভ্রমণের সুযোগ দেবে।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/১৫