সিরিয়া ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i18751-সিরিয়া_ইস্যুতে_মার্কিন_রাষ্ট্রদূতকে_তলব_করল_তুরস্ক
সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানের বিরুদ্ধে আমেরিকা সমালোচনা করায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। গতকাল (মঙ্গলবার) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানজু বিলজিচ জানান, সিরিয়ায় সামরিক অভিযানের বিষয়ে ওয়াশিংটন অগ্রহণযোগ্য সমালোচনা করায় আংকারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন আর ব্যাসকে তলব করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩১, ২০১৬ ০৮:৩৭ Asia/Dhaka
  • তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানজু বিলজিচ
    তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানজু বিলজিচ

সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানের বিরুদ্ধে আমেরিকা সমালোচনা করায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। গতকাল (মঙ্গলবার) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানজু বিলজিচ জানান, সিরিয়ায় সামরিক অভিযানের বিষয়ে ওয়াশিংটন অগ্রহণযোগ্য সমালোচনা করায় আংকারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন আর ব্যাসকে তলব করা হয়েছে।

গত ২৪ আগস্ট থেকে তুরস্কের বিশেষ বাহিনী সিরিয়ায় প্রথমবারের মতো সরাসরি সামরিক অভিযান শুরু করে। এতে তুরস্কের ট্যাংকবহর ও জঙ্গিবিমান সহায়তা দিচ্ছে। তুরস্ক দাবি করছে তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তবে এ পর্যন্ত দায়েশের সঙ্গে তুর্কি বাহিনীর সংঘর্ষের কোনো খবর পাওয়া যায় নি বরং সিরিয়ার কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুর্কি বাহিনী লড়াই করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর আসছে। এসব গেরিলাকে আমেরিকা সমর্থন দিয়ে থাকে।

এ অভিযানের সমালোচনা করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার সিরিয়ায় কুর্দি গেরিলাদের ওপর হামলা বন্ধের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান। এর আগে দিন সোমবার আমেরিকা বলেছে, তুর্কি সেনা ও কুর্দি গেরিলাদের মধ্যে লড়াইয়ের ঘটনা গ্রহণযোগ্য নয় এবং দ্রুত এ সংঘর্ষ বন্ধ করতে হবে।

এ প্রসঙ্গে তুর্কি মুখপাত্র বিলজিচ বলেন, কুর্দি গেরিলাদেরকে অবশ্যই ইউফ্রেটিস নদী পর্যন্ত পিছিয়ে যেতে হবে এবং তুর্কি অভিযানের প্রতি আমেরিকাকে সম্মান দেখাতে হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১