তেলের ব্যারেল ৫০ ডলার অগ্রহণযোগ্য: আলজেরিয় মন্ত্রী
-
আলজেরিয়ার জ্বালানিমন্ত্রী নূরুদ্দিন বুতারফা
আলজেরিয়ার জ্বালানিমন্ত্রী নূরুদ্দিন বুতারফা বলেছেন, “প্রতি ব্যারেল তেলের দাম মাত্র ৫০ ডলার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি নিয়ে আমরা তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকে আলোচনা করতে যাচ্ছি।”
গতকাল (শনিবার) সন্ধ্যায় রাজধানী তেহরানে ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। নূরুদ্দিন সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে ইরানের তেলমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন এবং আলজেরিয়ায় অনুষ্ঠেয় ওপেক সম্মেলন সম্পর্কেও আলোচনা হয়েছে। তিনি জানান, ইরানি মন্ত্রীর সঙ্গে বৈঠকে তেলের বাজার ও বর্তমান পরিস্থিতি ছিল আলোচনার মূল বিষয়।
বুতারফা বলেন, “ওপেক সদস্যরা দাবি জানাচ্ছে যে, প্রতি ব্যারেল তেলের দাম হতে হবে ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে; ৫০ ডলার গ্রহণযোগ্য নয়। সে কারণে চূড়ান্ত দাম ঠিক করার বিষয়ে আমরা একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছি এবং আসন্ন ওপেক সম্মেলনে এটিই হতে যাচ্ছে আলোচনার মূল বিষয়বস্তু।” তিনি আশা করেন, এ দামের বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছাতে পারবে। আগামী ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪