সিরিয়ায় তুরস্কের আরো ২ সেনা নিহত
-
তুর্কি সেনা
সিরিয়ার উত্তরাঞ্চলে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হামলায় তুরস্কের দুই সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছে। তুর্কি সামরিক বাহিনী এ হামলার খবর দিয়েছে।
তুরস্কের এনটিভি চ্যানেলে প্রচারিত সামরিক বাহিনীর এক বিবৃতিতে আজ (মঙ্গলবার) দাবি করা হয়েছে, তুর্কি সেনাবাহিনীর দুটি ট্যাংকে দায়েশ রকেট হামলা চালালে এসব সেনা হতাহত হয়। তুরস্কের সীমান্তবর্তী আর-রাই শহরে এ হামলার ঘটনা ঘটে। গত ২৪ আগস্ট সিরিয়ার ভেতরে তুরস্ক সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম তুর্কি সেনাদের ওপর দায়েশের হামলার দাবি করা হলো। একই এলাকায় দায়েশের হামলায় তুরস্কপন্থি সিরিয়ার দুই গেরিলা নিহত হয়েছে।
দায়েশের বিরুদ্ধে অভিযানের কথা বলে তুরস্ক সিরিয়ায় সেনা পাঠালেও এ পর্যন্ত তুর্কি সেনাদের ওপর দায়েশের কোনো হামলা কিংবা প্রতিরোধের খবর পাওয়া যায় নি। দামেস্কের বিনা অনুমতিতে সিরিয়ার ভেতরে এ ধরনের সামরিক অভিযান শুরুর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাশার আসাদ সরকার। তবে তুরস্ক সে প্রতিবাদে গুরুত্ব দেয় নি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭