‘ইরানের দিকে তাক করা আছে ইসরাইলের ২০০ পরমাণু বোমা’
https://parstoday.ir/bn/news/world-i20380-ইরানের_দিকে_তাক_করা_আছে_ইসরাইলের_২০০_পরমাণু_বোমা’
ইহুদিবাদী ইসরাইলের অস্ত্রভাণ্ডারে ২০০ পরমাণু বোমা রয়েছে এবং এসব বোমার প্রায় সবগুলোই ইরানের দিকে তাক করে রাখা হয়েছে। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের ফাঁস হয়ে যাওয়া ইমেইল থেকে এ তথ্য উঠে এসেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ০৬:৪৫ Asia/Dhaka
  • সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল
    সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল

ইহুদিবাদী ইসরাইলের অস্ত্রভাণ্ডারে ২০০ পরমাণু বোমা রয়েছে এবং এসব বোমার প্রায় সবগুলোই ইরানের দিকে তাক করে রাখা হয়েছে। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের ফাঁস হয়ে যাওয়া ইমেইল থেকে এ তথ্য উঠে এসেছে।

ইমেইল ফাঁস করেছে হ্যাকিং গোষ্ঠী ডিসিলিকস। পাওয়েলের ব্যবসার অংশীদার এবং ডেমোক্র্যাট দলকে চাঁদা প্রদানকারী জেফ্রি লিডসের কাছে গত বছরের মার্চে ব্যক্তিগত ইমেইলটি পাঠানো হয়েছিল। পাওয়েলের জিমেইল একাউন্ট থেকে এটি পাঠানো হয়। ইমেইলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা প্রসঙ্গে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারি নিয়ে আলোচনা করা হয়েছে।

চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ নিয়ে ম্যারাথন আলোচনা প্রসঙ্গে পাওয়েল ইমেইলে লিখেছেন, নেতানিয়াহু যা চান আলোচনাকারীরা তা অর্জন করতে পারবেন না। 

ইরানের পরমাণু বোমা তৈরি করতে এক বছর লাগবে বলে নেতানিয়াহু যে উদ্বেগ প্রকাশ করেছেন তাও নাকচ করে দেন পাওয়েল। অনেক বছর ধরে অস্ত্র ভাণ্ডারে ওয়াশিংটন এবং তেল আবিব যেসব পরমাণু বোমা জমিয়েছে প্রয়োজনে ইরানকে ঠেকাতে তা ব্যবহার করা হবে বলেও আভাস দেন পাওয়েল।

ইমেইলে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ইসরাইলের ২০০ পরমাণু বোমা তেহরানের দিকে তাক করা আছে এবং আমেরিকার হাতে হাজার হাজার পরমাণু বোমা রয়েছে। ইরানিরা যদি শেষ পর্যন্ত পরমাণু বোমা বানাতেও পারেন তাহলে তা ব্যবহার করতে পারবেন না।

এদিকে, এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবিকে এ ইমেইল নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। কিরবি বলেন, গোয়েন্দা তথ্য সংক্রান্ত বিষয়ে আমি কোনো কথা বলব না।

আমেরিকাসহ পশ্চিমা মিত্রদের আর্শীবাদপুষ্ট ইহুদিবাদী ইসরাইল কয়েক দশক আগেই শত শত পরমাণু অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলেছে। ইসরাইলের পরমাণু বোমা নিয়ে আমেরিকা বা তার মিত্ররা কখনই কথা বলে না।#

পার্সটুডে/মূসা রেজা/১৭