সন্ত্রাসীদের মোকাবেলায় ইরান সর্বশক্তি নিয়োগ করবে: প্রেসিডেন্ট রুহানি
-
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, এ অঞ্চলে এবং গোটা বিশ্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান সর্বশক্তি নিয়োগ করবে। সেই সঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক সমাজ ইরানি জাতির প্রকৃত বৈশিষ্ট্য সম্পর্কে ভালভাবে অবগত আছে।
আজ (বুধবার) ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাযবিন শহরে এক বিশাল জনসমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, "সন্ত্রাসবাদের প্রতি ইরান সমর্থন দিচ্ছে বলে যে অভিযোগ তোলা হতো সেই দিন শেষ হয়ে গেছে। ইরানি জাতির প্রকৃত বৈশিষ্ট্য বিশ্বের কাছে প্রকাশ হয়ে পড়ায় তারা পরমাণু বোমা বানাচ্ছে বলে তাদের বিরুদ্ধে এখন নতুন অভিযোগ আনা হতে পারে।"
প্রেসিডেন্ট রুহানি বলেন, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ এলাকায় সংঘাত এবং গোলযোগ অব্যাহত থাকা সত্ত্বেও ইরান তার নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।এছাড়া, বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইরাক এবং সিরিয়াকে সামরিক উপদেশ দিতে ইরান ভালভাবেই সফল হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রুহানি বলেন, কেবল ইরানি জাতি নয় বরং গোটা বিশ্বের স্বাধীনচেতা জাতিগুলোর অধিকার রক্ষায় আমরা কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হয়েছি।#
পার্সটুডে/বাবুল আখতার/২৮