লোজান বৈঠক থেকে ‘বিশেষ কিছু’ আশা করছে না রাশিয়া
-
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়া বিষয়ক আসন্ন বহুজাতিক আলোচনা থেকে বিশেষ কোনো অগ্রগতি আশা করছে না তার দেশ। তিনি আরো বলেছেন, সংকট সমাধানে মস্কো যেরকম ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সেরকম কোনো পদক্ষেপ তিনি পশ্চিমা দেশগুলোর আচরণে দেখতে পাচ্ছেন না।
আজ (শনিবার) বিকেলে সুইজারল্যান্ডের লোজান শহরে সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ সম্পর্কে শুক্রবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে ল্যাভরভ বলেন, এ সম্মেলনে রাশিয়ার পক্ষ থেকে নতুন কোনো পরিকল্পনা উত্থাপন করা হবে না। পশ্চিমা দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে সিরিয়া বিষয়ে কি পদক্ষেপ নেয় মস্কো তা পর্যবেক্ষণ করবে বলেও জানান তিনি।
এদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ লোজান বৈঠকে অংশগ্রহণ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের পাশাপাশি তুরস্ক, কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করবেন।
এর আগে সিরিয়ায় গতমাসে রুশ-মার্কিন উদ্যোগে ঘোষিত যুদ্ধবিরতি মাত্র এক সপ্তাহের মধ্যে ভেঙে পড়ে। যুদ্ধবিরতির মধ্যেই মার্কিন নেতৃত্বাধীন হামলায় সিরিয়ার ৮০ জন সরকারি সৈন্য নিহত হওয়ার পর দামেস্ক ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায়।
এ ছাড়া, যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ার সরকারি অবস্থানে উগ্র সন্ত্রাসীদের হামলা অব্যাহত থাকার নিন্দা জানায় রাশিয়া। মস্কো ঘোষণা করে, এ অবস্থায় শুধুমাত্র সিরিয়ার সরকার একতরফা যুদ্ধবিরতির প্রতি সম্মান জানাতে পারে না। সিরিয়ায় আবার যুদ্ধবিরতি কার্যকর করা যায় কিনা তা নিয়ে আজকের লোজান বৈঠকে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫