আবার কাবুল-তালেবান গোপন আলোচনা শুরু
-
ইসলামাবাদে অনুষ্ঠিত কাবুল-তালেবান শান্তি আলোচনা (ফাইল ফটো)
আফগানিস্তানের সরকার ও তালেবান গোষ্ঠীর মধ্যে নতুন করে গোপনে শান্তি আলোচনা শুরু হয়েছে। গত সেপ্টেম্বর মাসে কাতারের রাজধানী দোহায় তালেবানের কার্যালয়ে দু দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর দিয়েছে ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান।
আফগান সরকার ও তালেবানের কয়েকটি শীর্ষ পর্যায়ের সূত্রে বরাত দিয়ে গার্ডিয়ান আজ ( মঙ্গলবার) জানিয়েছে, এসব আলোচনায় আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কূটনীতিক ও আফগান তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ভাই মোল্লা আবদুল মান্নান উপস্থিত ছিলেন। এছাড়া, আলোচনায় মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবও যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, পাকিস্তানের উদ্যোগে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছিল কিন্তু গত মে মাসে মার্কিন ড্রোন হামলায় তালেবানের তখনকার নেতা মোল্লা আখতার মানসুর নিহত হওয়ার পর সে আলোচনা কোনো ফলাফল ছাড়াই ভেঙে যায়। পরে তালেবানের নতুন নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা দায়িত্ব নেয়ার পর কাবুল সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবেন না বলে ঘোষণা করেন। সে কারণে কাতারে নতুন আলোচনাকে প্রথম শান্তি আলোচনা হিসেবে দেখা হচ্ছে এবং এর বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮