সিরিয়ার আলেপ্পোয় যুদ্ধবিরতির মেয়াদ একদিন বাড়াল রাশিয়া
-
লে. জেনারেল সের্গেই রুদ্সকয়
সিরিয়ার সংঘর্ষপীড়িত আলেপ্পো শহরে মানবিক যুদ্ধবিরতির মেয়াদ আরো একদিন বাড়িয়েছে রাশিয়া। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অভিযান পরিচালনা বিষয়ক প্রধান লে. জেনারেল সের্গেই রুদ্সকয় শুক্রবার রাতে মস্কোয় এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ২২ অক্টোবর শনিবার (আজ) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলেপ্পোয় যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
আলেপ্পোর পূর্ব অংশ থেকে বেসামরিক নাগরিকদের পাশাপাশি বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সরে যাওয়ার সুযোগ দিতে প্রাথমিকভাবে বৃহস্পতিবার ১১ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। পরে ওই দিনই তা আরো ২৪ ঘন্টার জন্য বাড়ানো হয়।
জেনারেল রুদ্সকয় আরো বলেন, জাতিসংঘ’সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মস্কো; যদিও জঙ্গি এবং তাদের পৃষ্ঠপোষকরা নগরী থেকে বেরিয়ে যাওয়ার রুটগুলো বন্ধ করে দিয়ে সেখানকার মানবিক পরিস্থিতি স্বাভাবিক হতে বাধা দিয়ে যাচ্ছে।
রুশ জেনারেল জানান, “সন্ত্রাসীরা সর্বশক্তি দিয়ে পূর্ব আলেপ্পো থেকে বেসামরিক নাগরিকদের বেরিয়ে যেতে বাধা দিচ্ছে। কথিত বিদ্রোহীরা যাতে গুলিবর্ষণ বন্ধ করে নিজেদের পাশাপাশি বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ করে দেয় সেজন্য আমরা আমেরিকানদের অনুরোধ জানিয়েছি। কিন্তু সে অনুরোধে আমরা কোনো সাড়া পাইনি।”
জঙ্গিরা বড় ধরনের হামলা চালানোর জন্য যুদ্ধবিরতিকে কাজে লাগাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পো ২০১২ সাল থেকে দুই ভাগে বিভক্ত হয়ে রয়েছে। এর পশ্চিম অংশ নিয়ন্ত্রণ করছে সরকারি সেনারা এবং পূর্ব অংশ রয়েছে জঙ্গি গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে। পূর্ব আলেপ্পোতে জঙ্গিদের হাতে আটকে পড়া বেসামরিক নাগরিকদের উদ্ধারের লক্ষ্যে গত ২২ সেপ্টেম্বর থেকে রাশিয়ার বিমান সহায়তায় বড় ধরনের অভিযান শুরু করেছে সিরিয়ার সেনাবাহিনী।
বৃহস্পতিবারের যুদ্ধবিরতিরও দু’দিন আগে অর্থাৎ মঙ্গলবার থেকে আলেপ্পোর জঙ্গি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বোমাবর্ষণ বন্ধ রেখেছে সিরিয়া ও রাশিয়ার বিমানবাহিনী।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২