রুশ হেলিকপ্টার বিধ্বস্ত: ১৯ আরোহী নিহত
-
রুশ এমআই-৮ হেলিকপ্টার (ফাইল ফটো)
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর ১৯ আরোহী নিহত হয়েছেন। উত্তর-পশ্চিম সাইবেরিয়ার ইয়ামাল উপত্যকায় রুশ হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।
রাশিয়ার জরুরি ত্রাণ ও উদ্ধার বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইতার তাস জানিয়েছে, দেশটির স্কল এয়ারলাইন্সের একটি এমআই-৮ হেলিকপ্টার ২২ জন আরোহী নিয়ে সাইবেরিয়ার একটি জনমানবহীন এলাকায় জরুরি অবতরণ করতে গিয়ে ভেঙে পড়ে।
বিধ্বস্ত হেলিকপ্টারের একজন আরোহী তার সেল ফোন দিয়ে উদ্ধারকর্মীদের এ দুর্ঘটনার খবর জানান। তিনি বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারের মধ্যে তিনজন আটকা পড়ে আছেন এবং বাকি আরোহী ও ক্রুদের কেউ জীবিত আছেন কিনা তা তিনি বলতে পারছেন না।
এরপর উদ্ধারকারী দু’টি দল হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার স্থান শনাক্ত করে তার কাছাকাছি অবতরণ করেন। তারা মোট তিনজনকে জীবিত উদ্ধার করার কথা জানিয়েছেন। হেলিকপ্টারটি রাশিয়ার ক্রাসনোয়িয়ারস্ক অঞ্চলের একটি তেল ও গ্যাসক্ষেত্রে যাচ্ছিল।
রাশিয়ার একটি গণমাধ্যম এ দুর্ঘটনার কারণ হিসেবে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে দায়ী করেছে। বিধ্বস্ত হেলিকপ্টারটির দু’টি ব্ল্যাক বক্স প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২