সিরিয়ার সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দেয়া শুরু করবে ব্রিটেন: প্রতিরক্ষামন্ত্রী
-
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বলেছেন, তার দেশের বিশেষ বাহিনী সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে দেশটির কথিত মধ্যপন্থি সন্ত্রাসীদেরকে শিগগিরি প্রশিক্ষণ দেয়া শুরু করবে।
২০১৪ সাল থেকে ইরাক ও সিরিয়ায় দায়েশের অবস্থানে বিমান হামলা চালিয়ে আসা মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে ফ্যালন আজ (মঙ্গলবার) এ মন্তব্য করেন।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, দায়েশ এখন পরাজয়ের মুখে রয়েছে। ব্রিটিশ বিমান বাহিনী ইরাক ও সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তাদের ওপর কঠিন আঘাত হানছে বলেও দাবি করেন তিনি। ফ্যালন বলেন, দায়েশকে পরাজিত করার জন্য যে দক্ষতা এবং প্রশিক্ষণ থাকা প্রয়োজন তা দিতে এখন আমরা সিরিয়ার মধ্যপন্থি সরকার বিরোধী যোদ্ধাদের প্রতি সমর্থন জোরদার করব।
ব্রিটিশ মন্ত্রী বলেন, সিরিয়ার মধ্যপন্থি বিরোধী পক্ষগুলোকে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ বিশেষ বাহিনীর ২০ সদস্য পাঠানো হবে। আমেরিকার অনুরোধে সাড়া দিয়ে ব্রিটেন এ সিদ্ধান্ত নিয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম 'দি ইন্ডিপেনডেন্ট' জানিয়েছে। এর আগেও ব্রিটিশ এবং মার্কিন সেনাবাহিনী জর্দানে সন্ত্রাসীদেরকে একই ধরণের প্রশিক্ষণ দিয়েছিল।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৫