ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘন বিনা শাস্তিতে পার পাবে না: নওয়াজ
-
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ
‘সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা’ বিনা শাস্তিতে যেতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
তিনি তার ভাষায় আরো বলেছেন, “বিনা উস্কানিতে ২৫ ও ২৬ অক্টোবর সীমান্তের চাপরার, হারপাল এবং ভিম্বার সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় দুজন বেসামরিক ব্যক্তির মৃত্যুর নিন্দা জানাচ্ছি।” নওয়াজ শরীফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সীমান্তে এভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটতে থাকলে তা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না। তিনি দাবি করেন, পাকিস্তান সর্বোচ্চ ধৈর্যধারণ করছে এবং তাদের শান্তি প্রত্যাশাকে কেউ যেন দুর্বলতা হিসেবে ভুল না করে। তিনি বলেন, পাকিস্তান হচ্ছে একটি শান্তিপ্রিয় দেশ এবং সব সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব বলে বিশ্বাস করে।
নওয়াজ শরীফ বলেন, “একটি দায়িত্বশীল সার্বভৌম দেশ হিসেবে আমরা দক্ষিণ এশিয়ার সামগ্রিক উৎকর্ষতা ও উন্নতির জন্য আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছি।”
পাক প্রধানমন্ত্রী বলেন, সীমান্তে সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ভারতের তদন্ত করে দেখা উচিত; সেইসঙ্গে তাদের সেনাদেরকে যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর নির্দেশ দেয়া দরকার।
সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় অন্তত ভারতের পাঁচ সেনা এবং পাকিস্তানের বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে পাক গণমাধ্যম খবর দিয়েছে। তবে, ভারত আজ (বৃহস্পতিবার) দাবি করেছে, পাকিস্তানি সেনাদের হামলায় তাদের এক সেনা নিহত হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭