বেলুচিস্তানে নিরাপত্তা অভিযানে কোয়েটা হামলার ৪ জঙ্গি নিহত
পাকিস্তানের বেলুচিস্তানে প্রদেশের রাজধানী কোয়েটায় এক অভিযানে চার জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিরা চলতি সপ্তাহে কোয়েটার পুলিশ একাডেমিতে পৈশাচিক হামলার সঙ্গে জড়িত ছিল বলে পাক নিরাপত্তা কর্মকর্তারা আজ(শুক্রবার) জানান।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে এ অভিযান চালানো হয়। অভিযানে গুলি বিনিময়ের পর লকশরে জাঙ্গাভি (এল) বা এলজে গোষ্ঠীর চার জঙ্গি নিহত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, দায়েশের সঙ্গে যোগসাজশের ভিত্তিতে এলজে জঙ্গিরা সোমবার রাতে পুলিশ একাডেমিতে হামলা চালিয়েছিল। হামলায় ৬১ জন নিহত হয়েছিল। পাকিস্তানের কোনো নিরাপত্তা স্থাপনায় হামলায় এর আগে এতো মানুষ নিহত হয় নি।
এ হামলায় জড়িত থাকার কথা এর আগে স্বীকার করেছিল দায়েশ। হামলায় জড়িত সন্ত্রাসীদের ছবিও তারা প্রকাশ করেছিল। নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত এক জঙ্গির সঙ্গে ছবিতে প্রকাশিত সন্ত্রাসীর চেহারার মিল পাওয়া গেছে।
এ দিকে, সোমবারের হামলার তদন্তে বেলুচিস্তানের সরকার সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে যৌথ কমিটি গঠন করেছ।
২০০১ সালে আফগানিস্তান মার্কিন আগ্রাসনের পর থেকেই উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে জড়িত রয়েছে পাকিস্তান। সম্প্রতি এতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। কিন্তু তারপরও সন্ত্রাসীরা এখনো নির্মূল হয়ে যায় নি এবং তারা শক্তিশালী হামলার সক্ষমতা রাখে সোমবারের ঘটনায় তাই স্পষ্ট হয়ে উঠেছে।
এ ছাড়া, এ হামলায় দায়েশের জড়িত থাকার দাবি পাকিস্তানের জন্য অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৮