'আফগান মোনালিসা'কে স্বদেশে ফেরত পাঠাল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i25213-'আফগান_মোনালিসা'কে_স্বদেশে_ফেরত_পাঠাল_পাকিস্তান
পাকিস্তান আজ (বুধবার) স্থানীয় সময় খুব ভোরে ‘আফগান যুদ্ধের মোনালিসা’ নামে খ্যাত শরণার্থী শরবত বিবিকে নিজ দেশ আফগানিস্তানে ফেরত পাঠিয়ে দিয়েছে। জাল পরিচয় নিয়ে পাকিস্তানে বসবাসের দায়ে শরবত বিবিকে আটক করা হয়েছিল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০৯, ২০১৬ ১৩:৫৪ Asia/Dhaka
  • 'আফগান মোনালিসা'কে স্বদেশে ফেরত পাঠাল পাকিস্তান

পাকিস্তান আজ (বুধবার) স্থানীয় সময় খুব ভোরে ‘আফগান যুদ্ধের মোনালিসা’ নামে খ্যাত শরণার্থী শরবত বিবিকে নিজ দেশ আফগানিস্তানে ফেরত পাঠিয়ে দিয়েছে। জাল পরিচয় নিয়ে পাকিস্তানে বসবাসের দায়ে শরবত বিবিকে আটক করা হয়েছিল।

তোকরাম সীমান্ত দিয়ে শরবত বিবিকে স্বদেশে ফেরত পাঠানো হয়। তার সঙ্গে আফগান দূতাবাসের কর্মকর্তারা ছিলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক পাক এক কর্মকর্তা জানিয়েছেন।

১৯৭৯ সালে আফগানিস্তানে সাবেক সোভিয়েত রাশিয়া আগ্রাসন চালানোর পর অনাথ শরবত বিবি বা শরবত গুলু প্রথম পাকিস্তানে ঢোকেন। প্রায় ১০ লাখ আফগান সে সময়ে পাকিস্তানে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল।

 ১৯৮৪ সালে পেশোয়ারের কাছাকাছি নাসির বাগ শরণার্থী শিবিরে থাকার সময়ে ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর আলোকচিত্রী স্টিভ ম্যাককারি শরবত বিবির প্রথম ছবি তুলেন। ১৯৮৫ সালের জুনের ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে সে ছবি ছাপা হলে সবুজ চোখের অধিকারিণী শরবত বিবি বিশ্ব খ্যাতি পেয়ে যান। তখন তার বয়স ছিল প্রায় মাত্র ১২।

শরবত বিবির সঙ্গে তখন লিওনার্দো দ্যা ভিঞ্চির মোনালিসারও তুলনা করা হয়েছিল। পরবর্তীতে শরবত বিবির জীবন আলেখ্য নিয়ে ‘আফগান যুদ্ধের মোনালিসা নামে একটি দলিলচিত্রও নির্মাণ করেছিল ন্যাশনাল জিওগ্রাফিক।#

পার্সটুডে/মূসা রেজা/৯