ভূমধ্যসাগরে ডাচ সাবমেরিনকে তাড়িয়ে দিল রাশিয়ার নৌবহর
https://parstoday.ir/bn/news/world-i25267-ভূমধ্যসাগরে_ডাচ_সাবমেরিনকে_তাড়িয়ে_দিল_রাশিয়ার_নৌবহর
ভূমধ্যসাগরে টহলরত একটি ডাচ সাবমেরিনকে তাড়িয়ে দিয়েছে রাশিয়ার একটি নৌবহর। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্যদেশ হল্যান্ডের সাবমেরিনটি রুশ নৌবহরের গতিবিধি পর্যবেক্ষণ করতে এসেছিল।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
নভেম্বর ১০, ২০১৬ ০৬:৪৪ Asia/Dhaka
  • হল্যান্ডের ওয়ালরাস শ্রেণির একটি সাবমেরিন (ফাইল ছবি)
    হল্যান্ডের ওয়ালরাস শ্রেণির একটি সাবমেরিন (ফাইল ছবি)

ভূমধ্যসাগরে টহলরত একটি ডাচ সাবমেরিনকে তাড়িয়ে দিয়েছে রাশিয়ার একটি নৌবহর। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্যদেশ হল্যান্ডের সাবমেরিনটি রুশ নৌবহরের গতিবিধি পর্যবেক্ষণ করতে এসেছিল।

রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভূমধ্যসাগরে হল্যান্ডের নৌবাহিনীর একটি সাবমেরিনকে শনাক্ত করে রাশিয়ার সাবমেরিন-বিরোধী নৌ অনুসন্ধান ও আক্রমণ গ্রুপের দু’টি জাহাজ ‘সেভেরোমস্ক’ এবং ‘ভাইস-অ্যাডমিরাল কুলাকভ’। ওই সাবমেরিনটি রাশিয়ার 'উত্তরাঞ্চলীয় নৌবহর'র কাছাকাছি আসার চেষ্টা করছিল।

বিবৃতিতে বলা হয়, রাশিয়ার অনুসন্ধান ও আক্রমণ গ্রুপ অতি সহজে সাবমেরিনটিকে শনাক্ত করে সেটিকে দৃষ্টিসীমার বাইরে তাড়িয়ে দেয়। রাশিয়ার নৌবহর পর্যবেক্ষণের লক্ষ্যে এ ধরনের ‘বিদঘুটে’ ও ‘বিপজ্জনক’ প্রচেষ্টা ‘ভয়াবহ নৌ দুর্ঘটনা’ সৃষ্টি করতে পারে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

রাশিয়ার সাবমেরিন-বিরোধী নৌ অনুসন্ধান ও আক্রমণ জাহাজ 'ভাইস-অ্যাডমিরাল কুলাকভ' (ফাইল ছবি)

ডাচ সাবমেরিনটি চলে যাওয়ার পর রাশিয়ার সাবমেরিন-বিরোধী নৌ অনুসন্ধান ও আক্রমণ গ্রুপ তাৎক্ষণিকভাবে এ সংক্রান্ত একটি প্রশিক্ষণ মহড়া সম্পন্ন করে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাটো জোটভুক্ত কোনো দেশ এই প্রথম রাশিয়ার নৌবহরের গতিবিধি পর্যবেক্ষণ করেনি; বরং রাশিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছানোর পথে এ বহরটি নিয়মিত ন্যাটো জোটের বিভিন্ন দেশের পর্যবক্ষেণ সাবমেরিনের সম্মুখীন হয়েছে।

সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের জন্য সম্প্রতি রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহর ভূমধ্যসাগরে প্রবেশ করে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০