ইরানের বিরুদ্ধে আবারো মার্কিন প্রতিনিধি পরিষদের নিষেধাজ্ঞা
-
মার্কিন প্রতিনিধি পরিষদ (ফাইল ফটো)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য নতুন একটি বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এ বিল আইনে পরিণত হলে ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের আরোপ করা নিষেধাজ্ঞা নবায়ন করা যাবে। ইরানের পরমাণু কর্মসূচি সামরিক দিকে মোড় নিয়েছে -এমন ভিত্তিহীন অভিযোগ তুলে ১৯৯৬ সালে এ নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন।
রিপাবলিকান দল নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে নতুন বিলটি পাস হয় ৪১৯ ভোটে। বিলের বিপক্ষে ভোট পড়েছে মাত্র একটি। তবে এটি আইনে পরিণত হতে হলে অবশ্যই সিনেটে পাস হতে হবে এবং চূড়ান্তভাবে প্রেসিডেন্ট বারাক ওবামার সই লাগবে। আর বিলটি আইনে পরিণত না হলে ১৯৯৬ সালে আরোপ করা নিষেধাজ্ঞা চলতি ২০১৬ সালের শেষে অকার্যকর হয়ে পড়বে।
আগামী ১০ বছরের জন্য ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার পরিকল্পনা নিয়ে রিপাবলিকান দল প্রতিনিধি পরিষদে এ বিল পাসের উদ্যোগ নেয়। তবে প্রেসিডেন্ট বারাক ওবামা এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের জন্য কোনো বিল পাস না করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে ঐতিহাসিক পরমাণু সমঝোতা সই হওয়ার পর তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুযোগ নেই।
এদিকে, মার্কিন প্রতিনিধি পরিষদ কণ্ঠভোটে সিরিয়া ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের কথিত অভিযোগে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমেরিকা যখন সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সমর্থন দিয়ে আসছে এবং এসব গোষ্ঠী নির্বিচারে বেসামরিক মানুষের ওপর হত্যাকাণ্ড চালাচ্ছে তখন মার্কিন প্রতিনিধি পরিষদ সিরিয়া সরকারের বিরুদ্ধে এ বিল পাস করল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬