প্রচলিত যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান: জেনারেল রাহিল
-
জেনারেল রাহিল শরীফ (ফাইল ফটো)
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, তার দেশ প্রচলিত যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। গতকাল (শনিবার) ভারত সীমান্তের কাছে সুলেমানকি সেক্টর পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
জেনারেল রাহিল বলেন, “আমরা নজিরবিহীনভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সফল হয়েছি এবং এখন আমরা সবচেয়ে যুদ্ধ-অভিজ্ঞতা সমৃদ্ধ সেনাবাহিনীতে পরিণত হয়েছি।” পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ভারতের সঙ্গে সীমান্তে যখন তীব্র উত্তেজনা চলছে এবং দফায় দফায় গোলাগুলি ও সেনা হত্যার ঘটনা ঘটছে তখন জেনারেল রাহিল এসব কথা বললেন।
পাক সেনাপ্রধান গতকাল সারাদিন সুলেমানকি সেক্টরে সেনা, রেঞ্জার্স ও সাবেক সেনা সদস্যদের সঙ্গে কাটান এবং সামরিক বাহিনীর উঁচু পর্যায়ের নৈতিক মনোবলের প্রশংসা করেন। পাশাপাশি পাকিস্তানি সেনাদের সীমান্তে নজরদারির ব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন লাহোর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সাদিক আলী, ভাওয়ালপুর কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জাভেদ ইকবাল এবং পাঞ্জাব রেঞ্জার্সের কমান্ডার মেজর জেনারেল ওমর ফারুক বুরকি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০