আমেরিকা সরে পড়লে টিপিপি অর্থহীন: জাপান
https://parstoday.ir/bn/news/world-i26434-আমেরিকা_সরে_পড়লে_টিপিপি_অর্থহীন_জাপান
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, আমেরিকা ছাড়া ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি “অর্থহীন” হয়ে পড়বে। হোয়াইট হাউসে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই এই বিতর্কিত বাণিজ্য চুক্তি বাতিল করবেন বলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার পর জাপানের পক্ষ থেকে এই মন্তব্য এল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২২, ২০১৬ ১৬:০৮ Asia/Dhaka
  • জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে
    জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, আমেরিকা ছাড়া ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি “অর্থহীন” হয়ে পড়বে। হোয়াইট হাউসে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই এই বিতর্কিত বাণিজ্য চুক্তি বাতিল করবেন বলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার পর জাপানের পক্ষ থেকে এই মন্তব্য এল।

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয় সবচেয়ে বড় এই বাণিজ্য চুক্তিকে ঝুঁকির মুখে ফেলেছে। সেইসঙ্গে তার বিজয় গত সপ্তাহে পেরুর লিমাতে অনুষ্ঠিত অ্যাপেক শীর্ষ সম্মেলনকে ম্লান করে দিয়েছে। সম্মেলনে কয়েকজন অংশগ্রহণকারী বলেছেন, ট্রাম্পের কাছে টিপিপি-কে আকর্ষণীয় করতে তারা ১২ জাতির এ চুক্তি সংশোধনের চেষ্টা করতে পারেন কিংবা আমেরিকা ছাড়াই একে কার্যকর করার চেষ্টা করতে হতে পারে। কিন্তু জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে গতকাল (সোমবার) বলেছেন, অ্যাপেক শীর্ষ সম্মেলনে আমেরিকাকে ছাড়া এই চুক্তি নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

দক্ষিণ আমেরিকা সফরের দ্বিতীয় যাত্রাবিরতিতে বুয়েন্স আয়ার্সে তিনি সাংবাদিকদের বলেন, “আমেরিকা ছাড়া টিপিপি অর্থহীন।” অ্যাবে আরো জানান এই চুক্তি নিয়ে নতুন করে দরকষাকষি করা যাবে না, কারণ “এটি লাভের মৌলিক ভারসাম্যে বিঘ্ন ঘটাবে।”

প্রয়োজনীয় অনুসমর্থন পাওয়া ও বাস্তবায়নের জন্য জাপানের সংসদে টিপিপি বিষয়ক আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাঁচ বছর আলোচনার পর ২০১৫ সালের ৫ অক্টোবর চুক্তিটি সই হয়। এটি বাস্তাবায়িত হলে সদস্য ১২ দেশের লেনদেনের ক্ষেত্রে প্রায় সব ধরনের শূল্ক বাতিল হয়ে যাবে এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাধা দূর হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২