ইইউ’তে তুরস্কের অন্তর্ভুক্তির আলোচনা স্থগিত করার দাবি
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’তে তুরস্কের অন্তর্ভুক্তির আলোচনা স্থগিত করে দেয়ার আহ্বান জানিয়েছেন ইইউ পার্লামেন্টের একাধিক সদস্য। তারা বলেছেন, তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের জের ধরে দেশটিতে যে দমন অভিযান চলছে তার কারণে এই আলোচনা বন্ধ করে দিতে হবে।
ইইউ পার্লামেন্টের সবচেয়ে বড় দল মধ্য-ডানপন্থি ইউরোপীয়ান পিপলস পার্টির চেয়ারম্যান ম্যানফ্রেড ওয়েবার বলেছেন, “তুরস্কের প্রতি আমাদের বার্তা অত্যন্ত পরিষ্কার। ইইউতে অন্তর্ভুক্তির আলোচনা এই মুহূর্তে বন্ধ করতে হবে।”
এ ছাড়া, ওই পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল সোশ্যালিস্ট গ্রুপের প্রধান গিয়ান্নি পিতেল্লা বলেছেন, “তুরস্কের অন্তর্ভুক্তি বিষয়ক আলোচনা বন্ধ করা হোক।”
গত জুলাই মাসে তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের জের ধরে বিচারক, কৌঁসুলি, সেনা সদস্য ও সাংবাদিকসহ অন্তত ১,১০,০০০ মানুষকে চাকুরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া, অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে প্রায় ৩৬,০০০ মানুষকে।
পিতেল্লা বলেন, এরদোগানের নেতৃত্বে তুরস্ক দিন দিন একটি স্বৈরাচারী শাসনব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, “তুরস্কের প্রতি আমাদের রাজনৈতিক বার্তা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার ক্ষেত্রে মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতন্ত্রের ব্যাপারে কোনোরকম ছাড় দেয়া হবে না।"
১৯৬০’র দশক থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করছে তুরস্ক। তবে দু’পক্ষের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে ২০০৫ সালে। কিন্তু নানা জটিলতার কারণে এ আলোচনায় এখন পর্যন্ত খুব একটা অগ্রগতি হয়নি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩