সীমান্তে হামলা বরদাশত করব না: ভারতকে নওয়াজের হুঁশিয়ারি
-
সীমান্ত পরিস্থিতি পর্যালোচনার বৈঠকে সভাপতিত্ব করছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের জনগণের ওপর ভারতের ‘ইচ্ছাকৃত হামলা’ বরদাশত করবে না ইসলামাবাদ। তিনি বলেন, তার দেশের নারী, শিশু, বেসামরিক পরিবহন ও অ্যাম্বুলেন্সের ওপর ভারত হামলা চালালেও পাকিস্তান এ পর্যন্ত ধৈর্য ধরেছে কিন্তু তা সীমার বাইরে চলে যাচ্ছে।
গতকাল (বুধবার) আযাদ কাশ্মিরের নিলাম উপত্যকায় একটি বেসামরিক বাসের ওপর ভারতীয় সেনাবাহিনী গোলাবর্ষণের পর আজ এক বৈঠকে নওয়াজ শরীফ এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের জনাজুয়া এবং আন্তঃবাহিনী গোয়েন্দা বিভাগের মহাপরিচালক জেনারেল রিজওয়ান আখতার।
আজকের বৈঠকে সীমান্ত পরিস্থিতি ও ভারতীয় বাহিনীর হামলার বিষয়টি পর্যালোচনা করা হয়। এর পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জনগণের ওপর নিরাপত্তা বাহিনীর হত্যা ও নির্যাতনের নিন্দা জানানো হয়েছে। নওয়াজ শরীফ তার ভাষায় বলেছেন, কাশ্মিরের জনগণের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে ইসলামাবাদ কখনো সমর্থন বন্ধ করবে না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪