পাকিস্তান 'অঘোষিত যুদ্ধ' চালাচ্ছে: আফগান প্রেসিডেন্টের অভিযোগ
https://parstoday.ir/bn/news/world-i27487-পাকিস্তান_'অঘোষিত_যুদ্ধ'_চালাচ্ছে_আফগান_প্রেসিডেন্টের_অভিযোগ
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি তার দেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধের জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছেন। ভারতের অমৃতসরে অনুষ্ঠানরত ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি আরো বলেছেন, পাকিস্তান সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা না দিলে রাজধানী কাবুলে সন্ত্রাসীরা এক মাসও টিকবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৬ ২২:৩৫ Asia/Dhaka
  • হার্ট অব এশিয়া সম্মেলনে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি (বামে) ও নরেন্দ্র মোদি
    হার্ট অব এশিয়া সম্মেলনে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি (বামে) ও নরেন্দ্র মোদি

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি তার দেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধের জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছেন। ভারতের অমৃতসরে অনুষ্ঠানরত ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি আরো বলেছেন, পাকিস্তান সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা না দিলে রাজধানী কাবুলে সন্ত্রাসীরা এক মাসও টিকবে না।

তিনি বলেন, চলতি ২০১৬ সালে আফগানিস্তানে গেরিলাদের তৎপরতা অনেক বেশি বেড়েছে। পাশাপাশি গত বছর আফগানিস্তানে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে যা একেবারেই অগ্রহণযোগ্য। তিনি দাবি করেন, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনা সত্ত্বেও ২০১৬ সালে ইসলামাবাদের পক্ষ থেকে অঘোষিত যুদ্ধ তো কমেই নি বরং বেড়েছে।

তালেবানের এক কমান্ডারের সাম্প্রতিক মন্তব্য উদ্ধৃত করে প্রেসিডেন্ট গণি বলেন, “তালেবান আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ কমান্ডার সম্প্রতি বলেছে যে, তারা যদি পাকিস্তান থেকে আশ্রয়-প্রশ্রয় না পেত তাহলে তারা এক মাসের বেশি টিকতে পারত না।”   

আফগান প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ৩০টি সংগঠন আফগানিস্তানে ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে। এছাড়া কিছু দেশ এখনো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪