‘আলেপ্পো নিয়ে রাশিয়া-আমেরিকা সমঝোতার কাছাকাছি’
https://parstoday.ir/bn/news/world-i27751-আলেপ্পো_নিয়ে_রাশিয়া_আমেরিকা_সমঝোতার_কাছাকাছি’
সিরিয়ার আলেপ্পো শহর থেকে উগ্র সন্ত্রাসীদের বের করে দেয়া এবং সেখানে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আমেরিকা ও রাশিয়া সমঝোতার কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে মস্কো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ০৮, ২০১৬ ১৪:২৮ Asia/Dhaka
  • রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ (ফাইল ফটো)
    রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ (ফাইল ফটো)

সিরিয়ার আলেপ্পো শহর থেকে উগ্র সন্ত্রাসীদের বের করে দেয়া এবং সেখানে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আমেরিকা ও রাশিয়া সমঝোতার কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে মস্কো।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন, গত কয়েকদিনের সংকট নিয়ে দু দেশ তথ্য-প্রমাণ বিনিময় করেছে তবে ভবিষ্যত নিয়ে এখনো মস্কো সতর্ক। তিনি বলেন, এ বিষয়ে আগেই উচ্চ ধারণা করা ঠিক হবে না।

গতকাল ক্রেমলিন বলেছিল, আলেপ্পো শহর থেকে সন্ত্রাসীদেরকে নিরাপদে বের হওয়ার বিষয়টি মস্কো এবং ওয়াশিংটনের এজেন্ডায় রয়েছে। আজ দিনের শেষ ভাগে জার্মানির হামবুর্গ শহরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আলোচনায় বসার কথা রয়েছে। সেখানে সবকিছু চূড়ান্ত হতে পারে। গতকাল তারা আলেপ্পোয় মানবিক ত্রাণ বিতরণসহ সেখানকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

এদিকে, সিরিয়ার সেনারা আলেপ্পো শহরে তাদের অগ্রযাত্রা আজও অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস জানিয়েছে, গতরাতে আলেপ্পোর দারুস-সাফা হাসপাতাল থেকে প্রায় ১৫০ জন বেসামরিক পঙ্গু মানুষকে বের করে আনা হয়েছে। তাদের সবারই  চিকিৎসা প্রয়োজন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮