গোয়াদর বন্দরে হুমকি মোকাবেলায় টাস্ক ফোর্স নামাল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i28021-গোয়াদর_বন্দরে_হুমকি_মোকাবেলায়_টাস্ক_ফোর্স_নামাল_পাকিস্তান
পাকিস্তানের নৌবাহিনী যেকোনো হুমকি মোকাবেলায় গোয়াদর বন্দর ও সংলগ্ন সাগর পথের নিরাপত্তা নিশ্চিত করতে টাস্ক ফোর্স-৮৮ বা টিএফ-৮৮ গঠন করেছে। চলতি সপ্তাহে এ বাহিনীর তৎপরতা শুরু হবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৬ ০৮:৩০ Asia/Dhaka
  • গোয়াদর বন্দরে হুমকি মোকাবেলায় টাস্ক ফোর্স নামাল পাকিস্তান

পাকিস্তানের নৌবাহিনী যেকোনো হুমকি মোকাবেলায় গোয়াদর বন্দর ও সংলগ্ন সাগর পথের নিরাপত্তা নিশ্চিত করতে টাস্ক ফোর্স-৮৮ বা টিএফ-৮৮ গঠন করেছে। চলতি সপ্তাহে এ বাহিনীর তৎপরতা শুরু হবে।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র কার্যক্রম শুরু হওয়াকে কেন্দ্র করে গোয়াদর বন্দর এবং সংশ্লিষ্ট সাগর পথের কার্যক্রম বহুগুণে বাড়বে। পাশাপাশি নানা হুমকি বাড়তে থাকার প্রেক্ষাপটে এ বাহিনীর প্রয়োজন অনিবার্য হয়ে  উঠেছে বলে পাক নৌবাহিনী জানিয়েছে।

পাক নৌবাহিনীর পদস্থ এক কর্মকর্তা বলেন, রণতরী, দ্রুত আক্রমণে ব্যবহারযোগ্য জাহাজ, বিমান, ড্রোন এবং নজরদারির ব্যবস্থা সমন্বয়ে গঠিত হয়েছে টিএফ-৮৮। এ ছাড়া, গোয়াদর বন্দরের চারপাশে নিরাপত্তা অভিযানে বাড়তি মেরিন সেনাও নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি।

ওই কর্মকর্তা দাবি করেন, সাধারণভাবে পাক নৌপথের নিরাপত্তা সংক্রান্ত সব চ্যালেঞ্জ আসে ভারতের দিক থেকে। গোয়াদার বন্দরে চীনা সংশ্লিষ্টতা এবং সিপিইসি চালু হওয়ায় এ নিরাপত্তা পরিবেশ আরো জটিল আকার ধারণ করেছে।

তিনি আরো দাবি করেন, গোয়াদরকে আরব সাগরে চীনের ঘাঁটি এবং মালাক্কার জন্য হুমকি হিসেবে গণ্য করছে ভারত। ফলে পাক-চীন প্রকল্প প্রতিহত করতে গোয়াদর সংলগ্ন সীমান্ত এলাকায় ভারত তৎপরতা বাড়িয়েছে।

সিপিইসি’র শিপিং কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে ওই এলাকায় ভারতের ডুবোজাহাজ ঢোকার ব্যর্থ প্রচেষ্টাকে এ জাতীয় তৎপরতার আভাস হিসেবে দেখছেন পাক পর্যবেক্ষকরা।

এদিকে, পাক সংসদের সিপিইসি সংক্রান্ত কমিটির চেয়ারম্যান সিনেটর মুশাহিদ হোসেইন বলেছেন, সিপিইসি’র নিরাপত্তায় সম্পূরক বাহিনী হিসেবে কাজ করবে টিএফ-৮৮ । সিপিইসি’র স্থলপথের নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ডিভিশন নিয়োগের বিষয়টি উল্লেখ করেন তিনি। মুশাহিদ হোসেইন বলেন, সিপিইসি’র প্রাণকেন্দ্র হলো গোয়াদর বন্দর এবং এর নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করা হবে।#

পার্সটুডে/মূসা রেজা/১২