সন্ত্রাসীদের থেকে প্রকৃত বিদ্রোহীদের আলাদা করেছি: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i28558-সন্ত্রাসীদের_থেকে_প্রকৃত_বিদ্রোহীদের_আলাদা_করেছি_রাশিয়া
রাশিয়া বলেছে, দেশটির আলেপ্পো অভিযানের ফলে সিরিয়ার কথিত মধ্যপন্থি বিদ্রোহীদের থেকে উগ্র সন্ত্রাসীদের সত্যিকার অর্থেই আলাদা করা সম্ভব হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৬ ০৯:০২ Asia/Dhaka
  • মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ
    মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ

রাশিয়া বলেছে, দেশটির আলেপ্পো অভিযানের ফলে সিরিয়ার কথিত মধ্যপন্থি বিদ্রোহীদের থেকে উগ্র সন্ত্রাসীদের সত্যিকার অর্থেই আলাদা করা সম্ভব হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ শনিবার এক বিবৃতিতে একথা বলেন। তিনি জানান, সন্ত্রাসীদেরকে পূর্ব আলেপ্পো থেকে বেরিয়ে যাওয়ার নিরাপদ করিডর দেয়ার কারণে ১০,০০০ সিরিয় নাগরিকের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। মার্কিন সরকার এক বছর ধরে চেষ্টা করেও যা পারেনি রাশিয়া তাই করে দেখিয়েছে বলে তিনি দাবি করেন।

রাশিয়া দীর্ঘদিন ধরে বলে আসছিল, কথিত মধ্যপন্থি বিদ্রোহীদেরকে উগ্র জঙ্গিদের নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে চলে যেতে হবে। কিন্তু মার্কিন মদদপুষ্ট এসব বিদ্রোহীকে আমেরিকা কখনোই সরিয়ে নেয়নি। এ কারণে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে রাশিয়ার বিমান হামলায় কথিত মধ্যপন্থি বিদ্রোহীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত সপ্তাহে পূর্ব আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে সিরিয়ার সেনাবাহিনী। আলেপ্পোর এই এলাকায় কথিত মধ্যপন্থি বিদ্রোহীদের পাশাপাশি তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর উপস্থিতি ছিল।

কোনাশেঙ্কভ বলেন, আলেপ্পো নগরী জঙ্গিমুক্ত হওয়ার ফলে গোটা সিরিয়ায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে। এখন সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় বসার জন্য তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্যারিস, লন্ডন ও ওয়াশিংটন যত দ্রুত সিরিয়ার পরিস্থিতি উপলব্ধি করবে তত তাড়াতাড়ি দেশটিতে শান্তি প্রতিষ্ঠিত হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮