সম্পর্কের চরম অবনতি: ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করল আমেরিকা
-
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
মার্কিন যুক্তরাষ্ট্রে গতমাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। এছাড়া, গোয়েন্দা তথ্য সংগ্রহ করার অভিযোগে রাশিয়ার পক্ষ থেকে ব্যবহৃত দু’টি দপ্তরও বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত রুশ দূতাবাস এবং সান ফ্রান্সিসকোতে অবস্থিত রুশ কনস্যুলেটের ৩৫ কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে ঘোষণা করে ৭২ ঘন্টার মধ্যে তাদেরকে আমেরিকা ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
পাশাপাশি রাশিয়ার নয়টি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করেছে আমেরিকা। নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাশিয়ার দু’টি গোয়েন্দা সংস্থা জিআরইউ এবং এফএসবি রয়েছে। এছাড়া, নিউ ইয়র্ক এবং মেরিল্যান্ডে রাশিয়া গোয়েন্দা দপ্তর বন্ধ করে দেয়া হয়েছে।
সাম্প্রতিক নির্বাচনের পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন ও তার প্রচারণা দলের ওপর রাশিয়া হ্যাকিং করেছিল বলে ওয়াশিংটনের পক্ষ থেকে অভিযোগ ওঠার পর প্রেসিডেন্ট বারাক ওবামা মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিলেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০