রুশ বিমানবাহী রণতরী থেকে চালানো অভিযানে দায়েশের ১২৫২টি লক্ষ্যবস্তু ধ্বংস
সিরিয়ায় রাশিয়ার বিমানবাহী রণতরী থেকে ৪২০টির বেশি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের ১,২৫২টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। দুই মাসের বেশি সময় ধরে এসব অভিযান চালানো হয়েছে বলে সিরিয়ায় মোতায়েন রুশ বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল আদ্রে কারতাপোলোভ আজ (শুক্রবার) জানিয়েছেন।
তিনি বলেন, দুই মাসের বেশি সময়ে রুশ বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজেনেতসভ থেকে ৪২০টির বেশি অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ১৭৭টি অভিযান রাতে চালানো হয় বলে জানান তিনি। তিনি বলেন, বিরূপ আবহাওয়া উপেক্ষা করে এসব অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসীচক্র, তাদের যানবাহন এবং ফায়ারিং পজিশনের ওপর এসব হামলা করা হয়।
এছাড়া, বিমানবাহী রণতরীর সঙ্গে সংযুক্ত রুশ নৌবহরের ফ্রিগেট অ্যাডমিরাল গ্রিগোরোভিচ থেকে কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ওপর আক্রমণ করা হয়েছে। সব লক্ষ্যবস্তুতেই সঠিকভাবে হামলা করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
কর্নেল কারতাপোলোভ আরো জানান, রাশিয়া এই প্রথম স্থল লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বিমানবাহী রণতরী থেকে বিমান হামলা করেছে। রুশ নৌবহর তাদের যুদ্ধকালীন দায়িত্ব সঠিকভাবে পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, নর্দার্ন ফ্লিটের বিমানবাহী রণতরী পরবর্তী দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৬