ইরানের সঙ্গে ফেরি লাইন চালু করতে চায় পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i30277-ইরানের_সঙ্গে_ফেরি_লাইন_চালু_করতে_চায়_পাকিস্তান
পাকিস্তানের করাচি বন্দর ও ইরানের চবাহার বন্দরের মধ্যে একটি ফেরি লাইন চালু করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন বা পিএনএসসি’র চেয়ারম্যান আরিফ ইলাহি একথা জানিয়েছেন। করাচিতে ইরানের কনস্যুলেট জেনারেলের কমার্শিয়াল অ্যাটাশে হামিদ-রেজা নেজারাতিজাদেহর সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৭ ২১:৪৪ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে ফেরি লাইন চালু করতে চায় পাকিস্তান

পাকিস্তানের করাচি বন্দর ও ইরানের চবাহার বন্দরের মধ্যে একটি ফেরি লাইন চালু করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন বা পিএনএসসি’র চেয়ারম্যান আরিফ ইলাহি একথা জানিয়েছেন। করাচিতে ইরানের কনস্যুলেট জেনারেলের কমার্শিয়াল অ্যাটাশে হামিদ-রেজা নেজারাতিজাদেহর সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি।

পাকিস্তানের এ কর্মকর্তা জানান, করাচি ও চবাহারের মধ্যে সমুদ্রপথে যাত্রী পারাপারের ব্যবস্থা হলে দু দেশের মানুষের চলাচলের সুবিধা হবে, বিশেষ করে পাকিস্তানি জিয়ারতকারীদের ইরান সফরে সুবিধা হবে।

তিনি বলেন, সমুদ্রপথে যাত্রী পারাপারের ব্যবস্থার মাধ্যমে ইরানের মাশহাদ ও কোম শহরের পবিত্র মাজারগুলোতে পাকিস্তানি জিয়ারতকারীরা নিরাপদ ও কম খরচে ভ্রমণ করতে পারবে। ইরানি কর্মকর্তার সঙ্গে বিভিন্ন খাতে বিশেষ করে সমুদ্র পরিবহনের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন ইলাহি।

বৈঠকে নেজারাতিজাদেহ বলেন, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতীম সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে ইরান। তিনি আরো জানান, বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য ও পরিবহনের ক্ষেত্রে ইরান পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বিকাশে সর্বোচ্চ চেষ্টা করছে।

প্রতি বছর পাকিস্তানের লাখ লাখ মানুষ ইরানের পবিত্র স্থানগুলোতে জিয়ারতের জন্য ইরান ভ্রমণ করে কিংবা ইরাকের বিভিন্ন শহরে পবিত্র মাজার জিয়ারতের জন্য ইরান হয়ে ইরাকে যায়।

পাকিস্তানে অবস্থিত ইরানি দূতাবাস তেহরান-ইসলামাবাদ, মাশহাদ-লাহোর এবং একইরকমভাবে তেহরান-করাচি সরাসরি বিমানের ফ্লাইট চালু করে ইরানে পাকিস্তানিদের ভ্রমণ সহজতর করার চেষ্টা করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬