আফগানিস্তানের নানগারহারে ৬০ বাড়ি পুড়িয়ে দিল আইএসআইএল
https://parstoday.ir/bn/news/world-i30949-আফগানিস্তানের_নানগারহারে_৬০_বাড়ি_পুড়িয়ে_দিল_আইএসআইএল
আফগানিস্তানের নানগারহার প্রদেশের কুত এলাকায় ৬০টি বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল। প্রদেশটির গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খুগিয়ানি বলেছেন, দায়েশের সদস্যরা গতকাল (শুক্রবার) কুত এলাকায় হামলা চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৪, ২০১৭ ১৬:২৮ Asia/Dhaka
  • আফগানিস্তানে ৬০ ঘর-বাড়িতে আগুন
    আফগানিস্তানে ৬০ ঘর-বাড়িতে আগুন

আফগানিস্তানের নানগারহার প্রদেশের কুত এলাকায় ৬০টি বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল। প্রদেশটির গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খুগিয়ানি বলেছেন, দায়েশের সদস্যরা গতকাল (শুক্রবার) কুত এলাকায় হামলা চালিয়েছে।

দায়েশের হামলার কারণে লোকজন ঘর-বাড়ি ছেড়ে পালানোর পর সেগুলোতে আগুন ধরিয়ে দেয়া হয়। সেখানকার অধিবাসীরা আগেভাগে পালিয়ে যাওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি বলে তিনি জানান।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এর আগে দায়েশ তাদের প্রতি সমর্থন দিতে কুতের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছিল। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, সমর্থন না দিলে তাদের ঘর-বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হবে।

আফগানিস্তানের নানগারহার প্রদেশটি পাকিস্তান সীমান্তে অবস্থিত। পাকিস্তানের সীমান্ত এলাকাকে দায়েশের বড় ঘাঁটি বলে মনে করা হয়। এর আগে ন্যাটোর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, নানগারহার প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পরাজিত হয়েছে। কিন্তু কুত এলাকায় সন্ত্রাসীদের হামলা ও অগ্নিসংযোগ থেকে ন্যাটোর দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪