আমেরিকার সঙ্গে নতুন মডেলের সম্পর্ক চায় চীন: শি
https://parstoday.ir/bn/news/world-i31312-আমেরিকার_সঙ্গে_নতুন_মডেলের_সম্পর্ক_চায়_চীন_শি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, আমেরিকার সঙ্গে নতুন মডেলের সম্পর্ক শুরু করতে চায় তার দেশ। তিনি আরো বলেছেন, তার সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজের ‘বন্ধু মহলে’ অন্তর্ভূক্ত করার চেষ্টা শুরু করবে। জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদরদপ্তরে বুধবার দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৯, ২০১৭ ০৩:৪০ Asia/Dhaka
  • চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, আমেরিকার সঙ্গে নতুন মডেলের সম্পর্ক শুরু করতে চায় তার দেশ। তিনি আরো বলেছেন, তার সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজের ‘বন্ধু মহলে’ অন্তর্ভূক্ত করার চেষ্টা শুরু করবে। জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদরদপ্তরে বুধবার দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন তিনি।

চীনা প্রেসিডেন্ট বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মডেল তৈরি করব, রাশিয়ার সঙ্গে একটি ব্যাপকভিত্তিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলব যা হবে বিভিন্ন সভ্যতার মধ্যে শান্তি, প্রবৃদ্ধি ও সংস্কারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

দক্ষিণ চীন সাগর নিয়ে  সাম্প্রতিক সময় ওয়াশিংটন ও বেইজিং-এর মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। ওই সাগরকে কেন্দ্র করে আসন্ন ট্রাম্প প্রশাসন এক চীন নীতির ক্ষতি করার চেষ্টা করছেন বলে বেইজিং অভিযোগ করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গতমাসে ট্রাম্প তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন যা এর আগে কোনো নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট করেননি। এ পর্যন্ত আমেরিকার সরকারগুলো বেইজিং-এর এক চীন নীতি বিরোধী কোনো পদক্ষেপ নেয়নি।  কিন্তু সেই রীতি ভঙ্গ করে ট্রাম্পের ওই টেলিফোনালাপ বেইজিংকে ভাবিয়ে তুলেছে। 

১৯৪৯ সালে তাইওয়ানে সরকার প্রতিষ্ঠার সময় থেকেই এটিকে নিজের বিছিন্নবাদী প্রদেশ হিসেবে অভিহিত করে এসেছে চীন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯