নেতানিয়াহু-ট্রাম্প ফোনালাপ: ইরানসহ মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আলোচনা
https://parstoday.ir/bn/news/world-i31617-নেতানিয়াহু_ট্রাম্প_ফোনালাপ_ইরানসহ_মধ্যপ্রাচ্য_ইস্যু_নিয়ে_আলোচনা
ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ মধ্যপ্রাচ্যের নানা ইস্যুতে ঘনিষ্ঠভাবে পরামর্শ করার বিষয়ে একমত হয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানিয়েছে হোয়াইট হাউজ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ২৩, ২০১৭ ০৯:৩৫ Asia/Dhaka
  • নেতানিয়াহু-ট্রাম্প ফোনালাপ: ইরানসহ মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আলোচনা

ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ মধ্যপ্রাচ্যের নানা ইস্যুতে ঘনিষ্ঠভাবে পরামর্শ করার বিষয়ে একমত হয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানিয়েছে হোয়াইট হাউজ।

বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাতে নেতানিয়াহু ও ট্রাম্প টেলিফোনে আলাপ করেছেন এবং ইরানের পক্ষ থেকে ‘সম্ভাব্য হুমকিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু’ নিয়ে কথা বলেছেন। এ সময় ট্রাম্প তেল আবিব এবং ওয়াশিংটনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে কথিত শান্তি প্রতিষ্ঠার বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইকে প্রাধান্য দেয়া হবে বলে হোয়াইট হাউজের বিবৃতিতে জানানো হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা রক্ষার বিষয়েও নেতানিয়াহুকে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রোববার ইসরাইলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু আবারো ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতা বাতিলের দাবি জানিয়েছেন। নেতানিয়াহু তার ভাষায় বলেছেন, ইরান সম্পর্কে তিনি যে দাবি করছেন তা হচ্ছে তেহরানের পক্ষ থেকে আসা হুমকি এবং এ হুমকি বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, পরমাণু সমঝোতা বাতিলের বিষয়টি হচ্ছে ইসরাইলের সামনে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩