আমেরিকার দিকে আমাদের ক্ষেপণাস্ত্র ছুটে যায়নি: ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i31665-আমেরিকার_দিকে_আমাদের_ক্ষেপণাস্ত্র_ছুটে_যায়নি_ব্রিটেন
ব্রিটেন এ খবরের সত্যতা অস্বীকার করেছে যে, পরীক্ষা চালানোর সময় দেশটির পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্র আমেরিকার মূল ভূখণ্ডের দিকে ছুটে গিয়েছিল। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন ‘সানডে টাইমস’ পত্রিকার এ সংক্রান্ত খবর প্রত্যাখ্যান করেছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৭ ০৩:৩৫ Asia/Dhaka
  • একটি ট্রাইডেন্ট টু ডি৫ ক্ষেপণাস্ত্র
    একটি ট্রাইডেন্ট টু ডি৫ ক্ষেপণাস্ত্র

ব্রিটেন এ খবরের সত্যতা অস্বীকার করেছে যে, পরীক্ষা চালানোর সময় দেশটির পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্র আমেরিকার মূল ভূখণ্ডের দিকে ছুটে গিয়েছিল। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন ‘সানডে টাইমস’ পত্রিকার এ সংক্রান্ত খবর প্রত্যাখ্যান করেছেন।

হাউজ অব কমন্সে এ খবরের ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে সোমবার ফ্যালন দাবি করেন, ব্রিটেনের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই।  পত্রিকায় ভুল খবর ছাপা হয়েছে। তবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে তিনি অস্বীকৃতি জানান।

ট্রাইডেন্ট শ্রেণির একটি সাবমেরিন

সানডে টাইমস রোববার এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করে জানিয়েছিল, ২০১৫ সালের জুন মাসে ফ্লোরিডা উপকূলে অবস্থানরত একটি ব্রিটিশ সাবমেরিন থেকে পশ্চিম আফ্রিকাকে লক্ষ্য করে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ট্রাইডেন্ট টু ডি৫ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কিন্তু দৃশ্যত দিক পরিবর্তিত হয়ে ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যেতে থাকে। অবশ্য মূল ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি সাগরে পড়ে যাওয়ায় মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পায় ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী।

মাইকেল ফ্যালন

মাইকেল ফ্যালন এ খবরের সত্যতা অস্বীকার করলেও পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক আন্দোলন সিএনডি অভিযোগ করেছে, সংকট ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী। সিএনডি’র মহাসচিব কেইট হাডসন বলেছেন, এ সংকট সম্পর্কে সংসদ সদস্য ও জনগণকে সত্য কথা বলতে ভয় পাচ্ছে সরকার। ঠিক এ কারণেই ট্রাইডেন্ট সম্পর্কে পূর্ণ তদন্তের দাবি তুলেছি আমরা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪