টিপিপি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিলেন ডোনাল্ড ট্রাম্প
-
নির্বাহী আদেশে সই করছেন ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে কার্যত টিপিপি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র।
নির্বাচনি প্রচারাভিযানের সময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, নির্বাচিত হলে হোয়াইট হাউজে প্রবেশ করে প্রথম দিনে তিনি ওই চুক্তি বাতিল করবেন। টিপিপি চুক্তি স্বাক্ষরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। তবে তিনি চুক্তিতে স্বাক্ষর করলেও কংগ্রেসে সেটি অনুমোদিত হয়নি। ফলে খুব দ্রুত এ চুক্তি থেকে বেরিয়ে যেতে পারলেন ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ওই চুক্তি বাতিলের নির্বাহী আদেশে স্বাক্ষরের পর বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন ট্রাম্প। এ ছাড়া তিনি ব্যবসায়ী নেতাদের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ বহুল বিতর্কিত টিপিপি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিনা শুল্ক সুবিধার কথা উল্লেখ রয়েছে।
দীর্ঘ আলোচনার পর ২০১৫ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। তবে বেশিরভাগ দেশের পার্লামেন্টে এখনো চুক্তিটি অনুমোদিত হয়নি। চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, জাপান, ব্রুনাই, কানাডা, চিলি, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। এসব দেশ বর্তমান বিশ্ব বাণিজ্যের ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪